নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের (West Bengal) পর্যটনে এক অনন্য সাফল্যের অধ্যায় যুক্ত হল। বিদেশি পর্যটকদের আগমনের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এল বাংলা। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের সদ্য প্রকাশিত ‘ইন্ডিয়া টুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫’-এর তালিকাতেই মিলেছে এই স্বীকৃতি। এই গর্বের মুহূর্তে রাজ্যের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি ও বৈচিত্র্যময় পর্যটন সম্ভারের জন্য বরাবরই দেশ-বিদেশের পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলা। একদিকে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি সৌন্দর্য, অন্যদিকে সুন্দরবনের গভীর অরণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ, আবার দক্ষিণে দিঘা, মন্দারমণি ও তাজপুরের বিস্তীর্ণ সমুদ্রসৈকত—সব মিলিয়ে বাংলার পর্যটন মানচিত্র অত্যন্ত বৈচিত্র্যময়। শুধু এই কয়েকটি জায়গাই নয়, বাঁকুড়ার জঙ্গলমহল, বিষ্ণুপুরের মন্দির, মুর্শিদাবাদের ঐতিহাসিক নিদর্শন, শান্তিনিকেতন—রাজ্যের প্রতিটি জেলারই নিজস্ব পর্যটন আকর্ষণ রয়েছে।
আরও পড়ুন : Smriti Mandhana : স্মৃতি মন্ধানা-পলাশ মুছলের বিয়ে স্থগিত! ‘চিটিং’ জল্পনায় ভাইরাল স্ক্রিনশট
তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর পর্যটনের পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উদ্যোগে একের পর এক পর্যটন কেন্দ্রকে আধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। কলকাতার (Kolkata ) আশপাশে নতুন বিনোদন ও পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। পাহাড়ি এলাকায় হোম-স্টে ব্যবস্থার দ্রুত প্রসার ঘটেছে, যার ফলে পর্যটকদের স্বাচ্ছন্দ্য বেড়েছে, পাশাপাশি স্থানীয় মানুষের রোজগারের পথও খুলেছে। হোম-স্টে শিল্পকে আরও বিস্তৃত করতে রাজ্য সরকারের তরফে উৎসাহ ও দিকনির্দেশ দেওয়া হচ্ছে। করোনা পর্বে পর্যটন শিল্প মারাত্মক ধাক্কা খেয়েছিল। দীর্ঘদিন পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় উদ্বেগে দিন কাটছিল বহু মানুষের। তবে করোনার বিধিনিষেধ উঠে যাওয়ার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় রাজ্যের পর্যটন। সরকারিভাবে উৎসব পর্যটন, পর্যটন মেলা, নতুন গন্তব্যের প্রচার ও বিভিন্ন ইভেন্টের মাধ্যমে পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করা হয়। তারই ফলস্বরূপ আজ এই সাফল্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তালিকা প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, “ভারতের সবচেয়ে মধুরতম অংশ পশ্চিমবঙ্গ—এর সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্য উপভোগ করতে দেশ-বিদেশের সকল পর্যটককে স্বাগত। এটি আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত।” ওয়াকিবহাল মহলের মতে, এই স্বীকৃতির ফলে আগামী দিনে বাংলায় বিদেশি পর্যটকদের ঢল আরও বাড়বে।
