নিউজ পোল ব্যুরো: স্বস্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। এখনই নির্বাসন দেওয়া হচ্ছে না তাকে। ফিফা থেকে জানিয়ে দেওয়া হল। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন সি আর সেভেন (CR7)। কারণ আয়ারল্যন্ডের খেলোয়াড়কে আঘাত করেছিলেন। তাই কঠিন শাস্তির খাড়া ঝুলছিল তার। আশঙ্কা ছিল ২০২৬ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলা নিয়ে।
আরও পড়ুন: Smriti Mandhanna wedding : স্মৃতি মন্ধনার বিয়ে ঘিরে জল্পনা! পলাশ কি সত্যি চিটার!
রোনাল্ডোর শাস্তির বিষয়ে পর্তুগালের (Portugal) পক্ষ থেকে আবেদন জানানো হয় ফিফাতে। ফিফার শৃঙ্খলা কমিটি এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে। তাতে কেটে গেছে সব আশঙ্কা। আগামী বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব আসরে শুরু থেকেই পর্তুগালের হয়ে খেলতে পারবেন তিনি। তবে রয়েছে শর্তও। ফিফা (Fifa) বিবৃতি দিয়ে জানিয়েছে, যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একই ধরনের অপরাধ আবার করেন, তাহলে বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞায় কাটাতে হবে তাকে।

গত ১৩ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে হেরেছিল পর্তুগাল। ওই ম্যাচের ৬১ মিনিটে আইরিশ ডিফেন্ডার ও’শেয়াকে কনুই দিয়ে আঘাত করে প্রথমে হলুদ কার্ড দেখেন রোনাল্ডো। পরবর্তীতে মাঠের পাশে থাকা মনিটরে ভালোভাবে ঘটনা পর্যবেক্ষণ করে ম্যাচ রেফারি পর্তুগিজ তারকাকে সরাসরি লাল কার্ড দেখান। রোনাল্ডোর ২২৬ আন্তর্জাতিক ম্যাচের কেরিয়ারে এটি প্রথম কোনও সরাসরি লাল কার্ড। এরপর মাঠ ছেড়ে যেতে হয় তাকে।

পরবর্তীতে লাল কার্ডের জন্য ফিফার সর্বোচ্চ শাস্তিই পান তিনি। যার মানে তিন ম্যাচের নিষেধাজ্ঞা। এর মধ্যে বাধ্যতামূলক এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটান বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে খেলেননি তিনি। ৯-১ গোলের জয়ে ওই ম্যাচে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটে পর্তুগাল। রোনাল্ডোকে বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে হতো মূলপর্বে। তবে জাতীয় দলের আবেদনের প্রেক্ষিতে নতুন করে সিদ্ধান্ত জানায় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তুলে দেওয়া হয় বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা। একইসঙ্গে সতর্কও করে দেওয়া হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
এর আগে পর্তুগালের জার্সিতে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন রোনাল্ডো। ৪১ বছর বয়সে খেলবেন কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।
