Match Fixing: কলকাতা লিগে গড়াপেটার ছায়া, কড়া পদক্ষেপ করলো IFA

ক্রীড়া ফুটবল

নিউজ পোল ব্যুরো: ফের বিতর্কের কেন্দ্রে কলকাতা ময়দান। ম্যাচ গড়াপেটার (Match Fixing) অভিযোগ উঠলো কলকাতা লিগে (Calcutta Football League)। প্রিমিয়ার ডিভিশনের দুই ক্লাবের তিন ফুটবলার ও এক সহকারী কোচকে সাময়িক নির্বাসিত করল আইএফএ। বুধবার আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, বিষয়টি তদন্তের জন্য কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের রিপোর্ট না আসা পর্যন্ত এই চার জনের উপর নির্বাসনের নির্দেশ জারি থাকবে।

আরও পড়ুন: Indian Football Team: ফের উপেক্ষিত সঞ্জয় সেন, কোচ হ‌ওয়ার দৌড়ে এগিয়ে খালিদ জামিল

ময়দানের দুই প্রাচীন ক্লাব— খিদিরপুর ও মেসারার্স জড়িয়েছে এই ঘটনায় (Match Fixing)। খিদিরপুরের ফুটবলার অভিক গুহ এবং মেসারার্সের দুই ফুটবলার মুসলিম মোল্লা ও সান্নিক মুর্মুর বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠেছে। আইএফএ যে গড়াপেটা-বিরোধী এজেন্সির সঙ্গে কাজ করে, তাদের তরফেই প্রথম এই অভিযোগ করা হয়েছে।

ঘটনার (Match Fixing) সূত্রপাত খিদিরপুর বনাম ইউনাইটেড কলকাতা ম্যাচে (Calcutta Football League)। যেখানে অভিকের ভুল থেকে প্রতিপক্ষের পেনাল্টি পাওয়া নিয়ে এজেন্সির সন্দেহ তৈরি হয়। দিল্লির লিগেও এই তিন ফুটবলারের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছিল।

অন্যদিকে, মেসারার্সের সহকারী কোচ রাজীব দের বিরুদ্ধে অভিযোগ— নির্বাসিত এক ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। অভিযোগ অনুযায়ী, সেই ব্যক্তি মেসারার্সের প্র্যাকটিসে গিয়েছিলেন এবং রাজীব দে’র সঙ্গে কথা বলেছিলেন। এই তথ্যের ভিত্তিতেই আপাতত তাঁকেও নির্বাসিত করা হয়েছে।

এই প্রসঙ্গে (Match Fixing) আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “আমাদের এজেন্সি এই চারজনের বিরুদ্ধে সন্দেহের কথা জানিয়েছে। আমরা তদন্তভার কলকাতা পুলিশকে দেওয়ার পাশাপাশি এই চারজনকে সাময়িকভাবে নির্বাসিত করছি। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।” ঘটনার পরিপ্রেক্ষিতে আইএফএর তরফে দুই ক্লাবকেই শো-কজ করেছে বলে জানা গিয়েছে। তবে দুই ক্লাবই দাবি করেছে যে, শো-কজ সংক্রান্ত কোনও নোটিশ তারা পায়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=h72WZc78JgvKJF47

অন্যদিকে কলকাতা লিগের ডার্বিতে মহিলা দর্শকদের জন্য টিকিটে ৫০ টাকা ছাড়ের ঘোষণা করেছে আইএফএ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের পরামর্শ মেনে মাঠে মহিলা দর্শকদের উপস্থিতি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।