Indian Football Team: ফের উপেক্ষিত সঞ্জয় সেন, কোচ হ‌ওয়ার দৌড়ে এগিয়ে খালিদ জামিল

ক্রীড়া ফুটবল

নিউজ পোল ব্যুরো: মানোলো মারকুয়েজ বিদায় নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল— কে হবেন ভারতীয় সিনিয়র ফুটবল দলের (Indian Football Team) পরবর্তী কোচ? কার পথ প্রদর্শনে ঘুরে দাঁড়াবে ভারতীয় ফুটবল? সেই জল্পনায় খানিক ইতি টানল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে ফেডারেশন জানিয়ে দিল, তিনজন কোচের নাম তাঁরা চূড়ান্ত করে ফেলেছে আবেদনকারীদের মধ্যে থেকে। আর সেই তিনটি নাম হল — খালিদ জামিল, স্টিফেন কনস্ট্যান্টাইন এবং স্তেফান তারকোভিচ।

আরও পড়ুন: Durand Cup 2025: ডুরান্ডে দুরন্ত শুরু ইস্টবেঙ্গলের, ফুটবলে শট মেরে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মোট ১৭০ জন আবেদন করেছিলেন তার মধ্যে এই তিনজনকে চূড়ান্ত বাছাই হিসেবে ধরা হচ্ছে। এনাদের মধ্যে একজনকে ভারতীয় দলের (Indian Football Team) নতুন কোচ হিসেবে বেছে নেবে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি। সেপ্টেম্বরের মধ্যেই ঘোষণা করা হবে সেই নাম।

তবে সব আবেদনকারীর মধ্যে এক পরিচিত নাম আবারও বাদ পড়েছে— বাংলার সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন। মোহনবাগানকে আই লিগ দেওয়ার পরেও জাতীয় দলের (Indian Football Team) কোচ হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল তাঁর। চলতি মাসেই এআইএফ‌এফের কাছে কোচের পদে আবেদন করেছিলেন সঞ্জয়, তবে টেকনিক্যাল কমিটির চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি তাঁর।

প্রশ্ন উঠছে — কেন বারবার উপেক্ষিত হচ্ছেন সঞ্জয় সেন? অনেকের মতে আসলে তাঁর কোচিং কেরিয়ারে সন্তোষ ট্রফি জেতা ছাড়া সাম্প্রতিক বড় কোন‌ও সাফল্য নেই। আইএসএলে হাবাসের সহকারী হিসেবে কাজ করলেও কোনও ক্লাবে দীর্ঘমেয়াদি হেড কোচের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা নেই তাঁর। সর্বশেষ বড় সাফল্য বলতে ২০১৫ সালের মোহনবাগানের আই লিগ জয়। তাই সংশ্লিষ্ট মহলের মত, শুধুমাত্র সন্তোষ ট্রফি জিতে কি জাতীয় দলের কোচ হওয়া যায়?

অন্যদিকে ফেডারেশনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে খালিদ জামিলের নাম। তাঁর উপর অগাধ আস্থা দেখাচ্ছে কর্মকর্তাদের একাংশ। গত চার বছর ধরে তিনি ভারতের টপ টায়ার ফুটবল লিগ আইএসএলে হেড কোচের দায়িত্ব সামলেছেন। তাঁর বাস্তব অভিজ্ঞতা এবং দেশীয় ফুটবলারদের হাতের তালুর মতো চেনার দক্ষতাই এবার তাঁকে খানিক হলেও এগিয়ে রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের দুই পরামর্শদাতা— প্রাক্তন কোচ আর্মান্দো কোলাসো এবং বিমল ঘোষও খালিদের প্রতিই আস্থা রাখছেন। যদিও বাকি দুই প্রার্থী, কনস্ট্যান্টাইন ও তারকোভিচ— দুজনেই বিদেশি এবং আন্তর্জাতিক স্তরে অভিজ্ঞ। কিন্তু তাঁদের বেতন কাঠামো সামাল দেওয়া আদৌ সম্ভব কিনা, তা নিয়ে সংশয় রয়েছে ফেডারেশনের অন্দরেও। কনস্ট্যান্টাইনের আমলেই ক্রমতালিকায় ১৭৩ থেকে ৯৬ -এ পৌঁছেছিল ভারত। ভারতীয় ফুটবলের ইতিহাসে তাঁকে অন্যতম সেরা কোচ হিসেবেই বিবেচনা করা হয়। জুন পর্যন্ত তিনি পাকিস্তানের কোচ ছিলেন। কিন্তু আর সেখানে কাজ করতে চান না। অন্যদিকে কিরঘিজস্তানের কোচ ছিলেন তারকোভিচ।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=_fEJesKfQ1YMGC5v

ফেডারেশন সূত্রে খবর, সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন কোচের হাত ধরে শুরু হবে ছেত্রী-পরবর্তী ভারতের নতুন ফুটবল (Indian Football Team) অধ্যায়। এখন দেখার, সেই নতুন কাহিনির পরিচালক হিসেবে শেষমেশ কার নাম লেখা হয় আর ভারতীয় ফুটবলের এই ঘোর আঁধার কাটিয়ে আলোর পথ দেখাতে পারেন কি না তিনি।