নিউজ পোল ব্যুরো: জয় দিয়ে ডুরান্ড কাপ (Durand Cup 2025) অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আই লিগ দ্বিতীয় ডিভিশনের দল বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। যদিও বড় জয়ের মধ্যে লুকিয়ে রইল বেশ কিছু ভ্রুকুটিও।
আরও পড়ুন: BCCI: এবার কেন্দ্রীয় সরকারের আওতায় ভারতীয় ক্রিকেট বোর্ড? আসছে নয়া আইন
মরশুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে (Durand Cup 2025) যে কোনও দলই যে খুব একটা ছন্দে থাকবে না সেটাই স্বাভাবিক। কোচ অস্কার ব্রুজোর দলকে নিয়ে কাজ করার সময়ও খুব বেশি ছিল না। মাত্র তিন দিনের প্রস্তুতিতেই মাঠে নামতে হয়েছে। তবুও ফুটবলারদের আগ্রাসী মনোভাব ও প্রতিপক্ষের তুলনায় দক্ষতার পার্থক্যই পাঁচ গোলের ব্যবধান তৈরি করে দেয়।
ম্যাচের (Durand Cup 2025) শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন চুংনুঙ্গা। ১২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত শটে প্রথম গোল। এরপর ৩৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে দেন সউল ক্রেসপো। লাল হলুদের এডমুন্ডকে বিপক্ষ ডিফেন্ডার সালাহ ফাউল করে বসায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি।
তবে ম্যাচ জিতলেও শুরুতেই চিন্তা বাড়লো ব্রুজোর। ৫৮ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন বিষ্ণু। মরসুমের শুরুতেই গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট চিন্তার ভাঁজ ফেলেছে লাল-হলুদ শিবিরে। তাঁর জায়গায় নামেন গ্রিক স্ট্রাইকার দিয়ামানতাকোস, যার মাঠে নামার পরই দলের আক্রমণে বাড়তি ধার দেখা যায়।
৭২ মিনিটে এডমুন্ডের জায়গায় নামানো হয় নয়া ফুটবলার বিপিন সিংহকে। মাঠে নেমে ৭ মিনিটের মাথায় দিয়ামানতাকোসের পাস থেকে তৃতীয় গোল করেন বিপিন। এরপর ৮৬ মিনিটে নিজেই স্কোরশিটে নাম লেখান দিয়ামানতাকোস। ৮৯ মিনিটে মহেশের লং রেঞ্জ শটে পঞ্চম গোল করে ইস্টবেঙ্গল।
যদিও বড় জয় এলেও স্প্যানিশ কোচ ব্রুজো পরিষ্কার বুঝে গিয়েছেন, দলে এখনও অনেক কাজ বাকি। বোঝাপড়ার অভাব, ফিনিশিংয়ে খামতি এবং রক্ষণে বেশকিছু ফাঁকফোকর দেখা গিয়েছে এদিন। শক্তিশালী প্রতিপক্ষের সামনে এই দুর্বলতা মারাত্মক হয়ে উঠতে পারে এবং জলদি তা সারিয়ে তুলতে না পারলে ডুরান্ডে খুব বেশি কিছু না ভাবাই উচিৎ হবে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের জন্য।

এ দিনের ম্যাচ দিয়ে শুরু হল ১৩৪ তম ডুরান্ড কাপ (Durand Cup 2025)। ম্যাচের আগে প্রতীকী ফুটবল শটে প্রতিযোগিতা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, দমকল মন্ত্রী সুজিত বসু এবং সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীরা।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=FT9GndhCeF_IHllA
উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া —ছৌ নাচ, বাউল গান থেকে হেলিকপ্টারের এয়ার শো, গোর্খা রেজিমেন্টের কুকরি ডান্স, শিখ রেজিমেন্টের ভাংড়া ও মার্শাল আর্ট প্রদর্শন সবই ছিল। এখন দেখার, এই জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে কতদূর এগোতে পারে ব্রুজো বাহিনী। সবে তো শুরু ডুরান্ড কাপের আসল চ্যালেঞ্জ এখনও অনেক বাকি।
