নিউজ পোল ব্যুরো: ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) প্রধান কোচের পদ কয়েকদিন ধরেই ফাঁকা। মানোলো মার্কেজের সরে দাঁড়ানোর পর থেকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন কাউকে বসাতে তৎপর হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। বিজ্ঞাপন দিয়ে আবেদনপত্র চাওয়ার পর প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি তিন জনের নাম বেছে নিয়েছে, যাঁদের মধ্য থেকেই আগামী ১ অগস্ট ঘোষণা করা হবে নতুন কোচের নাম।
স্টিফেন কনস্টানটাইন, স্টেফান তারকোভিচ এবং খালিদ জামিল— এই তিনজন রয়েছেন চূড়ান্ত তালিকায়। তবে সূত্রের খবর, দেশীয় কোচ খালিদ জামিলই এগিয়ে রয়েছেন দৌড়ে। শুক্রবার দিল্লিতে বসছে ফেডারেশনের (Indian Football Team) টেকনিক্যাল কমিটির বৈঠক। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থনৈতিক সংকটে জর্জরিত ফেডারেশন (Indian Football Team) এবার বিদেশি কোনও নামী কোচের পিছনে মোটা টাকা খরচ করতে রাজি নয়। সেই কারণেই স্থানীয় কোচের দিকেই ঝুঁকছেন কর্তারা। খালিদ জামিলের অভিজ্ঞতা ও পরিসংখ্যনও নেহাৎ মন্দ নয়। তিনি আইজল এফসিকে আই লিগ জিতিয়েছেন, আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসি-র কোচের ভূমিকায় সফল। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সঙ্গেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=9aaVqmzW2mVszX7E
ফেডারেশন সূত্রে খবর, সেপ্টেম্বরেই রয়েছে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ। তাই তার আগেই কোচ নিযুক্ত করতে চায় ফেডারেশন, যাতে প্রস্তুতির সময় হাতে থাকে। ভারতে দীর্ঘদিন কাজ করায় জামিল দেশের প্রায় সব শীর্ষস্থানীয় ফুটবলারদের সম্পর্কে ওয়াকিবহাল। এখন দেখার, দায়িত্ব পেলে তিনি কীভাবে দলকে নতুন রূপ দিতে পারেন। ১ অগস্ট ঘোষণা হবে নতুন কোচের নাম। আপাতত ফুটবলপ্রেমীদের চোখ সেই দিকেই।
