নিউজ পোল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নতুন ঘোষণায় ভেনেজুয়েলার পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলা এবং তার আশপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তার এই বার্তা ঘিরে জোরদার জল্পনা। তাহলে কি ভেনেজুয়েলার বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালাতে চলেছে আমেরিকা? ট্রাম্পের (Donald Trump) পোস্টে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, “সব এয়ারলাইন্স, পাইলট, মাদক পাচারকারী এবং মানব পাচারকারীরা সতর্ক থাকুন ভেনেজুয়েলার আকাশসীমা এখন থেকে সম্পূর্ণ বন্ধ হিসেবে বিবেচনা করতে হবে।” তার বক্তব্যে পরিষ্কার, কোনোভাবেই তিনি চান না এই অঞ্চলের আকাশ দিয়ে কোনও বিমান চলাচল করুক।
যদিও ওয়াশিংটন (Washington) থেকে এমন কঠোর নির্দেশ জারির পরও মার্কিন প্রতিরক্ষা দফতর এ নিয়ে কোনো মন্তব্য করেনি। অপরদিকে, ভেনেজুয়েলা সরকারের তরফেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর রাজনৈতিক চাপ বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প।
দীর্ঘদিন ধরেই মার্কিন প্রশাসনের সঙ্গে মাদুরো সরকারের সম্পর্ক তিক্ত। আমেরিকা ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক হাজার সেনা, সাতটি যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে রেখেছে। ভেনেজুয়েলার (Venezuela) দাবি, এই সেনা মোতায়েন আসলে দেশটির সরকারকে জোর করে হটিয়ে দেওয়ার প্রস্তুতি। মাদুরোর অভিযোগ, “আমেরিকা বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে আমাদের সরকারব্যবস্থা বদলাতে চাইছে।” পালটা, ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত করে তার গ্রেপ্তারির জন্য ৫০ মিলিয়ন ডলারের পুরস্কারও ঘোষণা করেছে।
সম্প্রতি মাদক পাচারের অভিযোগ তুলে ভেনেজুয়েলার নৌযানে মার্কিন বাহিনীর একাধিক হামলার ঘটনাও আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা কুড়িয়েছে। এ ধরনের হামলায় এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি। তবে কোনো জাহাজে মাদক থাকার প্রমাণ না মেলায় জাতিসংঘসহ বহু সংস্থা মার্কিন অভিযানের নিন্দা করেছে। তবুও ট্রাম্প প্রশাসন নিজেদের অবস্থানে অটল।
কয়েকদিন আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রয়োজনে স্থলপথে ভেনেজুয়েলায় অভিযান চালানো হবে। তার পরপরই আকাশসীমা বন্ধের ঘোষণা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, লাতিন আমেরিকায় নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এই সিদ্ধান্তের মাধ্যমে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
