Muhammad Yunus: খালেদা জিয়ার প্রয়াণ এক যুগের অবসান, শোকবার্তায় শ্রদ্ধা জানালেন ইউনূস

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের আবহ। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি (BNP) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার (khaleda Zia) প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় ইউনূস (Muhammad Yunus) জানান, খালেদা জিয়ার প্রয়াণে জাতি একজন অভিভাবকস্বরূপ নেত্রীকে হারাল।

আরও পড়ুন: Khaleda Zia: অবসান এক দীর্ঘ লড়াইয়ের, প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া

নিজের বার্তায় ইউনূস (Muhammad Yunus) লেখেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ ও সংগ্রাম দেশের গণতান্ত্রিক যাত্রাপথে গভীর ছাপ রেখে গেছে। তিনি বলেন, নানা প্রতিকূলতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব সামলেছেন এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, সামরিক শাসনের পর বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়া ছিলেন অন্যতম মুখ। একজন দৃঢ়চেতা নেত্রী হিসেবে তিনি বারবার রাজনৈতিক সংকটের সময়ে সামনে এসে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অবদান শুধু বিএনপির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা গোটা দেশের রাজনৈতিক কাঠামোকে প্রভাবিত করেছে বলেই মত ইউনূসের।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের প্রশাসনিক ব্যবস্থায় নতুন দৃষ্টিভঙ্গি এনেছিলেন। তাঁর শাসনামলে অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা দেশের রাজনীতিতে আলাদা গুরুত্ব বহন করত। খালেদা জিয়ার প্রয়াণে রাজনৈতিক মতভেদ ভুলে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন দলের নেতানেত্রী, সামাজিক সংগঠন ও বিশিষ্ট নাগরিকরা। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের নানা প্রান্তে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন মানুষ। দলীয় পতাকা অর্ধনমিত রাখা, শোকসভা ও প্রার্থনার আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে মানুষের আবেগ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনূসের শোকবার্তা স্পষ্ট করে দেয় যে খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। তাঁর রাজনৈতিক জীবন ছিল বিতর্ক, সংগ্রাম ও নেতৃত্বের মেলবন্ধন। একজন শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিজ্ঞ রাষ্ট্রনায়ক এবং সাহসী নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে এমনটাই মনে করছেন পর্যবেক্ষক মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole