B.A. in Journalism and Digital Media: ভুয়ো খবরের ভিড়ে সত্যের খোঁজে ডেটা জার্নালিজম, গড়ে উঠছে নতুন পেশার দিগন্ত!

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: ভুয়ো খবরের রমরমা, বিভ্রান্তিকর তথ্যের ভিড় আর সোশ্যাল মিডিয়ার দ্রুতগতির দুনিয়ায় সত্যকে আলাদা করে চিহ্নিত করা আজ বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় সাংবাদিকতার এক আধুনিক ও গুরুত্বপূর্ণ শাখা হিসেবে উঠে এসেছে ডেটা জার্নালিজম (Data Journalism)। তথ্য বিশ্লেষণ, পরিসংখ্যানভিত্তিক অনুসন্ধান এবং প্রযুক্তির সাহায্যে সত্য উদঘাটনের এই ধারাটি ভবিষ্যতের সাংবাদিকতার অন্যতম ভরসা হয়ে উঠছে।

আরও পড়ুন:Weather Update : নতুন বছরের মুখে জাঁকিয়ে শীত! দক্ষিণবঙ্গে ঠান্ডার দাপট, উত্তরবঙ্গে কুয়াশা ও তুষারপাতের সম্ভাবনা

ডেটা জার্নালিজ়ম মূলত বিপুল পরিমাণ তথ্য (Data) থেকে নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য খবর তৈরি করার একটি পদ্ধতি। এখানে শুধু খবর পরিবেশন নয়, বরং তথ্যের উৎস যাচাই , ডেটা বিশ্লেষণ, ভিজ্যুয়াল উপস্থাপন এবং অনুসন্ধানী রিপোর্টিং —সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, জনস্বাস্থ্য কিংবা সামাজিক নীতি—সব ক্ষেত্রেই এই ধারার প্রয়োগ ক্রমশ বাড়ছে। এই বিষয়ে দক্ষতা অর্জনের জন্য আধুনিক সফটওয়্যার ও টুল যেমন স্প্রেডশিট, ডেটাবেস, গ্রাফিক্স টুল এবং প্রাথমিক কোডিং জ্ঞান কাজে আসে। একই সঙ্গে সংবাদ নীতিমালা, তথ্যের নৈতিক ব্যবহার এবং ভুল তথ্য শনাক্ত করার দক্ষতাও অত্যন্ত জরুরি। যারা দ্বাদশ শ্রেণির পর সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিতে চান, তাদের জন্য ডেটা জার্নালিজ়ম একটি সম্ভাবনাময় ক্ষেত্র। বর্তমানে ভারতের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও অনলাইন প্ল্যাটফর্মে এই বিষয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করানো হয়। সাংবাদিকতা, গণযোগাযোগ (Mass Communication), ডিজিটাল মিডিয়া কিংবা মিডিয়া অ্যানালিটিক্সে স্নাতকোত্তর পড়াশোনার পরেও এই ক্ষেত্রে বিশেষায়িত হওয়া যায়।

কর্মক্ষেত্রে ডেটা জার্নালিস্ট, নিউজরুম ডেটা অ্যানালিস্ট, ফ্যাক্ট চেকার বা ভিজ্যুয়াল জার্নালিস্ট হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। সংবাদমাধ্যম ছাড়াও আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান ও কনসালটেন্সি সংস্থায় এই পেশার চাহিদা বাড়ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

আয়ের দিক থেকেও ক্ষেত্রটি সম্ভাবনাময়। শুরুতে মাসিক ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা বেতন মিললেও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তা বছরে ৬ থেকে ১২ লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। প্রযুক্তি ও সত্যের সংযোগস্থলে দাঁড়িয়ে যাঁরা ভবিষ্যতের সাংবাদিকতা গড়তে চান, তাঁদের জন্য ডেটা জার্নালিজ়ম নিঃসন্দেহে এক শক্তিশালী ও সম্ভাবনাময় পথ।