নিউজ পোল ব্যুরো: সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর অধীন সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা সিটেট ঘিরে এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। চলতি বছরে ইতিমধ্যেই ২৫ লক্ষেরও বেশি প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বোর্ড। এত বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার পরও পরীক্ষার্থীদের কথা ভেবে ফের একবার আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ খুলে দিল সিবিএসই।
বোর্ড সূত্রে খবর, ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ফের চালু থাকবে সিটেটের অনলাইন আবেদন পোর্টাল। তবে এই সুযোগ সবার জন্য নয়। শুধুমাত্র সেই ১,৬১,১২৭ জন প্রার্থীই এই সময়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন, যাঁরা নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন করলেও নানা কারণে আবেদন প্রক্রিয়া শেষ করতে পারেননি।
সিবিএসই জানিয়েছে, চলতি বছরে সিটেট পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়েছে। ২০২৩ সালে যেখানে প্রায় ২০ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন, সেখানে ২০২৪ সালে সেই সংখ্যা ছিল প্রায় ১৬ লক্ষ। তুলনায় এবার আবেদন জমা পড়েছে প্রায় ২৫.৩০ লক্ষ, যা নজিরবিহীন। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, আবেদন গ্রহণের শেষ দু’দিনে সবচেয়ে বেশি চাপ পড়ে সার্ভারে। শেষের আগের দিনে জমা পড়ে ৩,৫৩,২১৮টি আবেদন এবং শেষ দিনে জমা পড়ে ৪,১৪,৯৮১টি আবেদন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই বিপুল চাপের কারণেই বহু প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারেননি বলে অভিযোগ জমা পড়ে সিবিএসই-এর কাছে। সেই সমস্যার কথা মাথায় রেখেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সীমিত সময়ের জন্য আবারও আবেদন সংশোধন ও জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে, সিটেট ২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। পরীক্ষা হবে দু’টি পৃথক পেপারে—পেপার ১ এবং পেপার ২। প্রতিটি পরীক্ষার সময়সীমা নির্ধারিত হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট। সিবিএসই জানিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে যাবতীয় তথ্য ও নির্দেশিকা অফিসিয়াল ওয়েবসাইটেই জানানো হবে।
