Shubhman Gill Update : মাঠে ফেরার প্রস্তুতি শুরু শুভমান গিলের

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্টে হোয়াইট ওয়াশের ক্ষত এখনও টাটকা। তার মধ্যে ঘারের চোটের জন্য হাসপাতালে শুয়ে তার টিমের হার দেখতে হয়েছে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিলকে। গুয়াহাটি গিয়েও নামতে পারেননি। একদিনের সিরিজ থেকেও ছিটকে গেছেন। তবে এবার স্বস্তি! সোমবার থেকেই রিহ্যাব শুরু করলেন শুভমান গিল (Shubhman Gill)।

আরও পড়ুন: Under 17 AFC Asian Cup Qualifier : অনুর্ধ্ব ১৭ এশিয়ান কাপের মূলপর্বে চলে গেল ভারতীয়দল

অনেকেরই প্রশ্ন ছিল শুভমান মাঠে কবে ফিরবেন? সেই প্রশ্নের উত্তর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা। ডিসেম্বরের প্রথমদিন থেকে বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে (Bengaluru Centere of Excellence) প্রত্যাবর্তনের লড়াই শুরু করছেন শুভমন গিল ৷ বোর্ডের এক কর্তা বলেন, ‘এই মুহূর্তে কোনও সমস্যা নেই। ও একাধিক বিমান যাত্রা করেছে। কলকাতা থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে মুম্বই, মুম্বই থেকে চন্ডিগড়, এবার চন্ডিগড় থেকে বেঙ্গালুরু। তাতে ওর কোনও সমস্যা হয়নি। আমরা ওকে দ্রুত মাঠে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছি। তবে আমরা তাড়াহুড়ো করতে চাই না। ও নিজে যখন ১০০ শতাংশ ফিট অনুভব করবে, ওকে দলে ফেরানো হবে। ও একজন গুরুত্বপূর্ণ অল ফরম্যাট প্লেয়ার। সবাই ওকে তৈরি দেখতে চায়।’

জানা গেছে, মুম্বইয়ে এক স্বনামধন্য স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞের অধীনে প্রয়োজনীয় ফিজিয়োথেরাপি সম্পন্ন করে চণ্ডীগড়ে উড়ে গিয়েছিলেন শুভমান৷ সেখানে পরিবারের সঙ্গে কিছুদিন কাটিয়ে সোমবারই বেঙ্গালুরুর বিমান ধরছেন গিল ৷ এই সময়কালে একাধিকবার বিমানে চলাফেরা করলেও কোনওরকম অস্বস্তি ভারত অধিনায়ক অনুভব করেননি বলেই সূত্রের খবর ৷ সব ঠিক থাকলে দিনকয়েকের মধ্যে ব্যাট হাতেও প্রস্তুতিতে দেখা যেতে পারে বছর ছাব্বিশের ক্রিকেটারকে৷

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে চলাকালীন ঘাড়ে চোট পান গিল। কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। গুয়াহাটি টেস্ট থেকে ছিটকে যান। তবে প্রথমে দলের সঙ্গে গুয়াহাটিতে গিয়েছিলেন শুভমন। কিন্তু অল্প সময়ের মধ্যে ম্যাচ ফিট হতে পারেননি। মুম্বইয়ে ফিরে শিরদাঁড়া বিশেষজ্ঞের পরামর্শ নেন। রিহ্যাব বা ট্রেনিং শুরু করার আগে তাঁকে আরও বিশ্রাম নিতে বলা হয়। ৯ ডিসেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু। টেস্ট এবং একদিনের সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টে ফিরতে মরিয়া তারকা ক্রিকেটার।