Under 17 AFC Asian Cup Qualifier : অনুর্ধ্ব ১৭ এশিয়ান কাপের মূলপর্বে চলে গেল ভারতীয়দল

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতের সিনিয়র দল যখন মুখ থুবরে পড়েছে, তখন আহমেদাবাদের ইকেএ এরিনায় এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল ভারতের (India) অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। শক্তিশালী ইরানকে (Iran) ২-১ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬-এর (AFC Under 17 Asian Cup) মূলপর্বে নিজেদের জায়গা পাকা করল ভারতের ‘ব্লু কোল্টস’। এই জয়ের ফলে প্রতিযোগিতার ইতিহাসে দশম বারের মতো মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল ভারত।

আরও পড়ুন:India vs South Africa Oneday match: ১৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে রইল ভারত

গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছিল ভারত। ‘গ্রুপ ডি’-এর ম্যাচগুলিতে প্যালেস্তাইনের বিরুদ্ধে ১-১ ড্র এবং চাইনিজ তাইপেইকে ৩-১ গোলে হারালেও লেবাননের (Lebanan) বিরুদ্ধে ০-২ হেরে যায় ভারতীয় দল। অন্য দিকে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ছিল ইরান। তাই মূলপর্বে যেতে হলে ইরানকে (Iran) হারাতেই হবে, এই সহজ সমীকরণটা জেনেই নেমেছিল ভারতের তরুণ তুর্কিরা। গ্রুপ শীর্ষে থাকা ইরানের প্রয়োজন ছিল মাত্র একটি ড্র, যেখানে ভারতের সামনে জয়ের কোনও বিকল্প ছিল না। ম্যাচের শুরুটা ইরানের পক্ষেই ছিল। ১৯ মিনিটের মাথায় আমিররেজা আলিপুরের গোলে এগিয়ে যায় ইরান।

প্রথমার্ধে ইরানের দাপট থাকলেও হাল ছাড়েনি ভারত। ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে। ৪৫+১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে সমতায় ফেরান দাল্লালমুওন গাংতে। ১-১ স্কোরে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারত তাদের আক্রমণাত্মক মনোভাব বজায় রাখে। ৫২ মিনিটে ইরানের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে অনবদ্য গোল করে ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গুনলেইবা ওয়াংখেইরাকপাম। এরপর ইরান গোল শোধ করার জন্য মরিয়া হয়ে উঠলেও ভারতের রক্ষণভাগ এবং গোলরক্ষক রাজরূপ সরকার পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন। রাজরূপের বেশ কয়েকটি দুর্দান্ত সেভ ভারতকে এই ঐতিহাসিক জয় এনে দেয়।

এই জয়ের ফলে ভারত ও ইরান — উভয় দলের পয়েন্ট দাঁড়ায় ৭। কিন্তু হেড-টু-হেড বা মুখোমুখি লড়াইয়ে ইরানকে হারানোর সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলা মূলপর্বের টিকিট নিশ্চিত করে ভারত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

আহমেদাবাদের প্রায় ৫,০০০ দর্শকের সামনে এই জয় ভারতীয় বয়সভিত্তিক ফুটবলের জন্য এক নতুন আশার আলো দেখাল। পিছিয়ে পড়েও এশিয়ার অন্যতম শক্তিশালী দলকে হারিয়ে ভারতের এই ফিরে আসা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।