নিউজ পোল ব্যুরো: দেশে তামাকজাত পণ্যের বাড়তি ব্যবহার, স্বাস্থ্যঝুঁকি এবং কর ফাঁকি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এবার সেই সমস্যাকে কেন্দ্র করে কেন্দ্র সরকার বড় ধরনের আর্থিক পরিবর্তনের পথে হাঁটতে চলেছে। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় পেশ হতে চলেছে দুটি গুরুত্বপূর্ণ বিল (Tax Bill), যেগুলি পাস হলে গুটখা, পান মশলা ও সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা।
আরও পড়ুন: Humayun Kabir:‘সরকারকে খেসারত, ভোটবাক্সে প্রভাব’ ওয়াকফ নিয়ে উলটপুরাণে দলকেই বিঁধলেন হুমায়ুন!
সরকার আজ ‘কেন্দ্রীয় আবগারি সংশোধনী বিল, ২০২৫’ এবং ‘স্বাস্থ্য সুরক্ষা থেকে জাতীয় সুরক্ষা সেস বিল, ২০২৫’ লোকসভায় উত্থাপন করবে। এই দুটি বিলে (Tax Bill) পণ্যের উপর বিদ্যমান জিএসটি ক্ষতিপূরণ সেসের পরিবর্তে নতুন কর কাঠামো আনা হবে। দীর্ঘদিন ধরে আরোপিত ক্ষতিপূরণ সেস ২০২৬ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকলেও, সরকারের নেওয়া ঋণ শোধ হয়ে যাওয়ার পর তা বন্ধ হয়ে যাওয়ার কথা। ফলে এই সেক্টরে পুনরায় রাজস্ব নিশ্চিত করতে নতুন কর ব্যবস্থা চালু করা প্রয়োজন সরকার সেই দিকেই এগোচ্ছে।
নতুন সেস ব্যবস্থার বিশেষত্ব হলো কর নির্ধারণ করা হবে উৎপাদন ক্ষমতার ভিত্তিতে, পণ্যের পরিমাণের ভিত্তিতে নয়। অর্থাৎ গুটখা বা পান মশলার তৈরির মেশিন কতটা উৎপাদন সক্ষম, তার ওপর নির্ভর করেই মাসিক সেস ধার্য হবে। এমনকি যারা হাতে পান মশলা তৈরি করেন, তাদের জন্যও একটি নির্দিষ্ট মাসিক ফি দিতে হবে। এই সেস থেকে আদায় হওয়া অর্থ জাতীয় নিরাপত্তা এবং জনস্বাস্থ্য প্রকল্পে ব্যয় করা হবে। প্রয়োজনে সরকার পরবর্তীতে সেসের পরিমাণ দ্বিগুণও করতে পারবে।
সব প্রস্তুতকারকের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। রেজিস্ট্রেশন ছাড়া উৎপাদন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। মাসিক রিটার্ন দাখিলের নিয়মও কার্যকর করা হবে। সরকারি পর্যবেক্ষকরা যেকোনো সময় উৎপাদন ইউনিট পরিদর্শন করতে পারবেন। কোনো মেশিন ১৫ দিনের বেশি বন্ধ থাকলে সেই সময়ের সেস মওকুফ হতে পারে। তবে নিয়ম ভঙ্গ করলে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। অবশ্য আপিলের সুযোগ থাকছে কোম্পানিগুলি সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত আপিল করতে পারবে।
বর্তমানে তামাক ও পান মশলার উপর ২৮% জিএসটি এবং অতিরিক্ত ক্ষতিপূরণ সেস আরোপিত হয়। নতুন বিল (Tax Bill) কার্যকর হলে এই পণ্যগুলির উপর করের বোঝা কমবে না বরং নতুন কাঠামোর কারণে বাজারে দাম আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
