Tet: চূড়ান্ত রায়! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ৩২ হাজার শিক্ষকের ভাগ্য কোন পথে, হাইকোর্টের রায়ের দিকে নজর

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগে (Tet) অনিয়ম সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার রায় অবশেষে ঘোষণা করতে চলেছে কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেবে, প্রায় ৩২ হাজার শিক্ষকের চাকরি থাকবে কি না এই সিদ্ধান্তের দিকেই এখন রাজ্যজুড়ে শিক্ষাজগৎ, প্রার্থী এবং প্রশাসনের দৃষ্টি।

আরও পড়ুন: Mamata Banerjee: সুরবদল! বামেদের প্রাক্তন নেত্রী ইমনের কন্ঠে মমতার ১৫ বছরের ‘উন্নয়নের পাঁচালি’, কি বার্তা দিলেন?

২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় (Tet) প্রায় এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পর্ষদ ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু করে এবং সেখান থেকে মোট ৪২,৯৪৯ জনকে নিয়োগ দেওয়া হয় প্রাথমিক শিক্ষক পদে। কিন্তু শীঘ্রই অভিযোগ ওঠে যে, এই নিয়োগ তালিকার মধ্যে প্রায় ৩২ হাজার প্রার্থী নাকি ‘অপ্রশিক্ষিত’। পাশাপাশি ইন্টারভিউ, অ্যাপ্টিটিউড টেস্টসহ গুরুত্বপূর্ণ ধাপ সঠিক নিয়মে হয়নি বলেও অভিযোগ জানানো হয়। নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে আসতেই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit ganguly) এক ঐতিহাসিক রায়ে ওই ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন এবং নতুন প্যানেল গঠন করে পুনরায় নিয়োগের নির্দেশ দেন। একইসঙ্গে চাকরি (Tet) হারানো শিক্ষক-প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি।

এই রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কর্মরত শিক্ষকরা ডিভিশন বেঞ্চে আপিল করেন। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিলেও পর্ষদকে নির্দেশ দেয় চাকরি চালু রেখেই নতুন করে ইন্টারভিউ নিতে হবে এবং তিন মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। মামলা পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়েও ফের হাই কোর্টে ফিরে আসে। দীর্ঘ টানা ছয় মাসের শুনানি শেষে গত ১২ নভেম্বর রায়দান স্থগিত রাখা হয়েছিল। এখন সেই রায় ঘোষণা হতে চলেছে বুধবার।

এই মামলার রায় শুধু সংশ্লিষ্ট ৩২ হাজার শিক্ষক নয়, ভবিষ্যতে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াও কীভাবে পরিচালিত হবে তার ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন শিক্ষামহলের বিশেষজ্ঞরা। ফলে বুধবারের রায়কে ঘিরে উত্তেজনা এবং উদ্বেগ দুটি আবেগই সমানভাবে ছড়িয়ে আছে রাজ্যজুড়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole