Bhagavad Geeta :ব্রিগেডে ইতিহাস! ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠে গড়তে চলেছে নতুন বিশ্ব রেকর্ড

কলকাতা

নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata) ইতিহাসে ফের এক বিরল ও স্মরণীয় দিনের সাক্ষী হতে চলেছে ঐতিহাসিক ব্রিগেড ময়দান (Brigade Ground)। আগামী ৭ ডিসেম্বর, রবিবার, সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এখানে অনুষ্ঠিত হতে চলেছে এক বিরাট আধ্যাত্মিক মহাসমারোহ—‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ (Geeta)। আয়োজকদের দাবি, শুধুমাত্র বাংলা নয়, গোটা ভারতের ইতিহাসেই এত বৃহৎ সমবেত গীতা পাঠ এই প্রথম। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কার্তিক মহারাজ। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। তার কথায়, “মুখ্যমন্ত্রী এলে আমাদের গর্ব ও আনন্দ দ্বিগুণ হবে।”

আরও পড়ুন : Biharinath Hill : বাঁকুড়ার বুক জুড়ে প্রকৃতির বিস্ময় বিহারীনাথ, শীতের মরশুমে পর্যটকদের নতুন স্বর্গ

রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি যখন ধীরে ধীরে তুঙ্গে উঠছে, তখন এই বিশাল ধর্মীয় সমাবেশের সঙ্গে রাজনীতির যোগ রয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে সে জল্পনা উড়িয়ে আয়োজকদের স্পষ্ট বক্তব্য, এই উদ্যোগ সম্পূর্ণ ধর্মীয় ও সামাজিক উদ্দেশ্যেই। কার্তিক মহারাজ জানান, “সমাজে নৈতিক অবক্ষয় ও বিভ্রান্তির যে পরিবেশ তৈরি হয়েছে, তা দূর করতে আত্মিক চর্চার বিকল্প নেই। গীতাপাঠ সেই চেতনাই জাগ্রত করবে।” তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ বহু শতাব্দী ধরে আধ্যাত্মিক সাধনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়েই নানা মঠ, আশ্রম, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এই মহাযজ্ঞে সামিল হয়েছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই সমাবেশে সভাপতিত্ব করবেন গীতা (Geeta) মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা। সম্মানীয় অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন যোগগুরু বাবা রামদেব, পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাগেশ্বরধাম সরকারের ধীরেন্দ্র শাস্ত্রী। স্বামী প্রদীপ্তনন্দ মহারাজ তার বক্তব্যে বলেন, “আজকের বিভাজিত সমাজে গীতার বাণী মানুষকে স্থিরতা দেয়, পথ দেখায়। এই উদ্যোগে রাজ্যের হাজার হাজার গীতা (Geeta) অনুরাগী ইতিমধ্যেই যুক্ত হয়েছেন।” রবিবারের এই ঐতিহাসিক সমাবেশ ঘিরে এখন ব্রিগেডে শেষ মুহূর্তের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বিপুল জনসমাগম সামলাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিগেডের মাঝখানে তৈরি হচ্ছে সুবিশাল মূল মঞ্চ, যেখান থেকে একসঙ্গে পাঁচ লক্ষ কণ্ঠে ধ্বনিত হবে গীতার পবিত্র শ্লোক। অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা থেকে। আয়োজকদের বিশ্বাস, এই সম্মিলিত গীতাপাঠ (Geeta) শুধু একটি রেকর্ড নয়—সমাজে শান্তি, সম্প্রীতি ও আধ্যাত্মিকতার এক নতুন বার্তাও ছড়িয়ে দেবে।