Sonakshi Sinha: ভেঙেও ভাঙেনি সম্পর্ক! কঠিন সময়ে থেরাপির সাহায্যে ফের কাছাকাছি সোনাক্ষী–জাহির

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে আজ যাঁদের নাম নেওয়া হয়, সেই সোনাক্ষী সিনহা  (Sonakshi Sinha) ও জাহির ইকবালের সম্পর্কের পথ যে একসময় বেশ বন্ধুর ছিল, তা এতদিন অনেকেই জানতেন না। ২০২৪ সালে চার হাত এক করে সংসার পেতেছেন এই তারকা জুটি। তার আগে দীর্ঘ সাত বছর একে-অপরকে ডেট করেছিলেন তাঁরা। সুখী দাম্পত্যের ঝলমলে ছবির আড়ালে লুকিয়ে ছিল এক কঠিন অধ্যায়, যেখানে প্রায় ভেঙেই যাচ্ছিল তাঁদের সম্পর্ক।

আরও পড়ুন: Smriti Mandhanna Marriage controversy : নতুন করে আলোচনায় স্মৃতি, আঙুলে নেই বাগদানের আংটি

সোনাক্ষী সম্প্রতি এক পডকাস্টে এই কঠিন সময়ের কথা অকপটে ভাগ করে নিয়েছেন। অভিনেত্রী জানান, তাঁদের সম্পর্ক যখন তিন বছরের, তখন একের পর এক ভুল বোঝাবুঝি, ঝগড়া আর মান-অভিমান তাঁদের সম্পর্ককে বড় সঙ্কটের মুখে ঠেলে দিয়েছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, নিজেদের মধ্যে কথা বলেও আর সমস্যার সমাধান হচ্ছিল না। সোনাক্ষীর কথায়, তখন তাঁদের ঝগড়ার মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, “প্রায় চুলোচুলির মতো অবস্থা” তৈরি হয়েছিল।

এই পরিস্থিতিতে সম্পর্ক বাঁচাতে তাঁরা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন—কাপল থেরাপির সাহায্য নেওয়ার। সোনাক্ষী (Sonakshi Sinha) স্পষ্ট করে জানান, এই সিদ্ধান্ত নিতে তাঁর কোনও সংকোচ হয়নি। বরং খোলা মনেই তিনি থেরাপির পথে হাঁটেন। মাত্র দু’টি সেশনেই তাঁদের সম্পর্ক ফের সঠিক পথে ফিরতে শুরু করে। এই সময়ে তাঁরা একে-অপরের কথা বোঝার চেষ্টা করেন, নিজেদের ভুল স্বীকার করেন এবং সবচেয়ে বড় কথা, কী চাইছেন তা পরিষ্কার করে বলতে শেখেন।

সোনাক্ষীর মতে, এই থেরাপিই তাঁদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। বুঝতে পারেন, ভালোবাসা শুধু আবেগ নয়, সম্পর্ক টিকিয়ে রাখতে দরকার ধৈর্য, বোঝাপড়া ও পারস্পরিক সম্মান।

সব প্রতিকূলতা কাটিয়ে শেষ পর্যন্ত ২০২৪ সালের জুন মাসে নিজেদের ফ্ল্যাটেই আইনি বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। বিশেষ বিবাহ আইনে এই বিয়ে সম্পন্ন হয়, কারণ জাহির মুসলিম। এরপর বিকেলেই ঘরোয়া আয়োজনে হয় রিসেপশন। আন্তঃধর্মীয় বিয়ে হওয়ায় তাঁদের নিয়ে কম বিতর্ক হয়নি। সামাজিক মাধ্যমজুড়ে ট্রোলিংয়ের মুখেও পড়তে হয়েছিল সোনাক্ষীকে। এমনকি শোনা গিয়েছিল, পরিবারেও নাকি এই বিয়ে নিয়ে মতভেদ ছিল। দুই ভাই লব ও কুশ নাকি বিয়েতে উপস্থিত ছিলেন না।

তবে সমস্ত সমালোচনাকে উপেক্ষা করেই ভালোবাসায় ভর করে আজ দেড় বছর সুখে সংসার করছেন সোনাক্ষী ও জাহির। তাঁদের গল্প আজ অনেকের কাছেই একটি বড় উদাহরণ—যেখানে বোঝাপড়া, সাহসী সিদ্ধান্ত আর একে-অপরের পাশে থাকার মানসিকতাই শেষ পর্যন্ত সম্পর্ককে বাঁচিয়ে দেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole