Kaushik Ganguly: বাংলা ভাষা নিয়ে দিল্লির চিঠি, ‘বাংলাদেশি ভাষা’ বলায় বিতর্ক, মুখ খুললেন কৌশিক-পরমের

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ বাহিনীর এমন চিঠি প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে। সেই ভাষায় দেশের জাতীয় সঙ্গীত লেখা, সেই বাংলা ভাষাকেই বিদেশি ভাষা বলার চেষ্টা? ক্ষুব্ধ প্রতিক্রিয়া টলিপাড়ার দুই বিশিষ্ট শিল্পী কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)।

আরও পড়ুন:Presidency University Admission: ওবিসি মামলার পর প্রেসিডেন্সির ভর্তি পরীক্ষার রূপরেখা প্রকাশ করলো WBJEEB

নিজে বাংলা ভাষার ছাত্র ও একদা শিক্ষক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ফেসবুকে লিখেছেন, “বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’র ‘টেক্সট’ (Text) বলা হয়েছে! তদন্তে অনুবাদ না হলে অসুবিধা হচ্ছে নাকি! এত ভুল তথ্য প্রশাসনিক চিঠিতে কী করে আসে?” তিনি (Kaushik Ganguly) প্রশ্ন তুলেছেন, দিল্লির একাধিক বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপক রয়েছেন। প্রশাসন চাইলেই তথ্য যাচাই করতে পারত। অন্যদিকে, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) লিখেছেন, “উপভাষা আলাদা হলেও ভাষা একটাই বাংলা। দেশভাগের পরে দুটি আলাদা রাষ্ট্র হলেও, ভাষা বিভক্ত হয়নি। আজও পাকিস্তানে পঞ্জাবি, গুজরাতি, সিন্ধি ভাষায় মানুষ কথা বলেন। তা হলে কি পঞ্জাবি ভাষাকে ‘পাকিস্তানি ভাষা’ বলা হয়?”

নিজের পোস্টে রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখেও পরম স্পষ্ট করেছেন, “আমরা হিন্দি-সহ উত্তর ভারতের ভাষা ও সংস্কৃতিকে উদ্‌যাপন করি। আপনারাও বাংলা ভাষাকে সম্মান করুন। ভুল করে থাকলে, তথ্য যাচাই করুন। এমন অজ্ঞতা প্রশাসনিক নথিতে কাম্য নয়।” এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বাংলার প্রতি ‘অবমাননা’ বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে বিজেপি বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে এড়িয়ে যেতে চাইছে। তবে শিল্পীরা যা বলছেন, তাতে স্পষ্ট ভুল হোক বা উদ্দেশ্যপ্রণোদিত, বাংলা ভাষার প্রতি সম্মান দাবি সময়ের দাবি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT