CM Mamata Banerjee: কোটি কোটি টাকার খরচে তৈরি নথি এখন অস্বীকার?’ মমতার কেন্দ্রকে চ্যালেঞ্জ

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: “SIR চালু হলে, জনগণের কাছে থাকা পরিচয়পত্রগুলি নিয়ে তৈরি হওয়া সমস্যা কেন্দ্রের অগণতান্ত্রিক মনোভাবেরই পরিচায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অভিযোগ, রেশন, ভোটার, আধার এই সব পরিচয়পত্র যেগুলির ওপর জনগণের আস্থা ছিল, সেই সমস্ত নথি কিভাবে অস্বীকার করা সম্ভব? কেন্দ্রের শাসনকালেই এসব নথি বৈধতার পরিচয় পেয়েছিল, এখন তা কীভাবে অবৈধ হয়ে যাবে? কোটি কোটি টাকা খরচ করে যেগুলির সংস্করণ করা হয়েছে, সেই নথির মানদণ্ডে কেন হস্তক্ষেপ হবে?” এভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আবারও রাজ্য ও কেন্দ্রের মধ্যে সম্পর্কের অস্থিরতা নিয়ে মুখ খুললেন এবং সাধারণ মানুষের উদ্বেগের প্রতি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

আরও পড়ুন: ভোটার তালিকা থেকে ‘ভূতুড়ে’ নাম বাদ! এবার বাংলাতেও শুরু হল SIR প্রক্রিয়া, কমিশনের চিঠি মুখ্যসচিবকে

এসআইআর (SIR) বিষয়ক সুপ্রিম কোর্টের মামলায় নির্বাচন কমিশন আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে মান্যতা দিতে নারাজ হয়েছে। এই অবস্থায় বাংলার বহু পরিবার চিন্তায় রয়েছেন—যদি এসআইআর হয়, তবে তারা কোন নথি দিয়ে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবেন? অনেকের প্রশ্ন, যখন আধার কার্ড কেন্দ্র সরকারই দিয়েছে, আর ভোটার কার্ড দিয়েছে নির্বাচন কমিশন, তখন সেই নথিগুলি কেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে না?

মঙ্গলবার, ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে এই প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আধার কার্ড তৈরি করেছে ভারত সরকার, আর এপিক (ভোটার) কার্ড দিয়েছে নির্বাচন কমিশন। এত টাকা খরচ করে এইসব নথি বানানো হয়েছে, এখন সেগুলি কি জলে ভেসে যাবে? আধার, রেশন কার্ড, ভোটার কার্ড—সবই কি বাতিল হয়ে যাবে? এটা এক ধরনের পরিকল্পিত খেলা। কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন মিলে এই গেম চালাচ্ছে। আমরা এটা মানি না।”

তিনি আরও অভিযোগ করেন, এসআইআরের আড়ালে কেন্দ্র আসলে এনআরসি (NRC) চালু করার চেষ্টা করছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তার পরামর্শ, “সবাই যেন নিশ্চিত করেন, তাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে।” এই পরিস্থিতিতে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোন নথি মান্য হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ মালা রায়। লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তিনি দুটি প্রশ্ন করেন—
১) যদি পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ হয়, তবে সেগুলির বিস্তারিত বিবরণ দেওয়া হোক।
২) আদালতে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোন নথিগুলি গ্রহণযোগ্য, তা স্পষ্ট করা হোক।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রক কোনও নির্দিষ্ট উত্তর না দিয়ে জানায়, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৪ সালের সংশোধনী অনুযায়ী, কেন্দ্র সরকার ভারতের প্রতিটি নাগরিককে নিবন্ধনের নির্দেশ দেয় এবং তাতে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়। সবকিছুই আইন মেনে করা হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole