ভোটার তালিকা থেকে ‘ভূতুড়ে’ নাম বাদ! এবার বাংলাতেও শুরু হল SIR প্রক্রিয়া, কমিশনের চিঠি মুখ্যসচিবকে

breakingnews দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: মৃত, নিখোঁজ কিংবা বহুবার নিবন্ধিত এমন ভোটারদের খুঁজে তালিকা থেকে বাদ দিয়ে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। বিহারে এই কর্মসূচির প্রথম দফা ইতিমধ্যেই শেষ, বাদ গিয়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম। এবার সেই পথেই হাঁটছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে SIR চালুর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।

আরও পড়ুন: Mamata Banerjee: প্লাবিত আরামবাগে মানবিক মুখ্যমন্ত্রী, খিচুড়ি হাতে ত্রাণ শিবিরে মমতা

এই প্রক্রিয়ায় মূলত মৃত, স্থায়ীভাবে রাজ্যছাড়া, অথবা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের খুঁজে চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়। কমিশনের মতে, গণতন্ত্রের প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ করে তুলতেই এই উদ্যোগ। বাংলায় এবার ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদেরও ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংশোধন হয়।

উল্লেখ্য, বিহারে (Bihar) সম্প্রতি প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশনের ব্যাখ্যা—এই তালিকা থেকে যারা বাদ পড়েছেন, তাদের অধিকাংশই মৃত বা রাজ্য ছেড়ে অন্যত্র স্থায়ীভাবে বসবাস করছেন। অনেকের নাম আবার একাধিক ভোটার তালিকায় ছিল, যা সম্পূর্ণ বেআইনি।

তবে বিরোধীদের দাবি, এই SIR প্রক্রিয়া বিজেপির ইশারায় ভোটার ‘পরিষ্কার’-এর চাল। তাদের অভিযোগ, সংখ্যালঘু ও বিরোধী ঘাঁটির এলাকা নিশানা করে পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। যদিও কমিশনের দাবি, এই প্রক্রিয়া পুরোপুরি তথ্য ও যাচাইয়ের উপর নির্ভরশীল এবং এতে পক্ষপাতের সুযোগ নেই। সব মিলিয়ে, ভোটার তালিকার এই ‘ঘষামাজা’ প্রক্রিয়া ঘিরে বাংলার রাজনীতিতে তীব্র আলোড়নের ইঙ্গিত স্পষ্ট। এখন দেখার, বাংলায় এই ‘বিশেষ নিবিড় সংশোধন’ কতটা সঠিক ও নিরপেক্ষভাবে কার্যকর হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole