নিউজ পোল ব্যুরো: স্নাতকের পর অবশেষে কাটল স্নাতকোত্তরে ভর্তির অনিশ্চয়তা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের (Presidency University Admission) প্রবেশিকা পরীক্ষার (PUMDET) নতুন দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড (WBJEEB)। পরীক্ষা হবে আগামী ২৪ অগস্ট, দুপুর ২টো থেকে ৩টে ৩০ মিনিট পর্যন্ত। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জেরে পিছিয়ে যাওয়া এই পরীক্ষাটি আসলে হওয়ার কথা ছিল গত ২৭ জুলাই। তবে আইনি জটিলতার কারণে তা স্থগিত রাখা হয়েছিল। এখন অবশেষে সমস্যা মিটে যাওয়ায় ফের শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া।
বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৮ অগস্ট থেকে শুরু হবে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া (Presidency University Admission)। শেষ তারিখ ১১ অগস্ট। আবেদনপত্রে কোনও ভুল থাকলে ১২ অগস্টের মধ্যে তা সংশোধন করে কনফারমেশন পেজ ডাউনলোড করা যাবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ১৯ অগস্ট থেকে ২৪ অগস্টের মধ্যে। আর ফলাফল প্রকাশ করা হবে ৩১ অগস্ট।
প্রসঙ্গত, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভর্তি (Presidency University Admission) পরীক্ষাও (PUBDET) দীর্ঘদিন আটকে ছিল। ২১ ও ২২ জুন পরীক্ষা নেওয়া হলেও ওবিসি সংরক্ষণ মামলার কারণে ফলাফল আটকে ছিল এক মাসের বেশি সময়। সেই মামলায় জাতিগত তথ্য সংযোজনের সময়সীমা ধার্য করা হয়েছিল ৩ অগস্ট থেকে ৫ অগস্ট পর্যন্ত। এরপর বোর্ড জানায়, ৯ অগস্ট প্রকাশ পাবে স্নাতকের মেধাতালিকা ও ফলাফল। এ নিয়ে ভর্তি প্রক্রিয়া ও দেরির প্রতিবাদে লাগাতার অবস্থানে ছিল বাম ছাত্র সংগঠন এসএসআই। অবশেষে দুই স্তরের ভর্তির রূপরেখা প্রকাশ পেতেই স্বস্তির নিঃশ্বাস শিক্ষার্থী ও অভিভাবক মহলে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
