Priyanka Gandhi: ‘কে প্রকৃত ভারতীয় এবং কে নয় তা নির্ধারণ করার দায়িত্ব বিচারকদের নয়’, রাহুলের পাশে দাঁড়িয়ে মন্তব্য প্রিয়াঙ্কা গান্ধীর

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের ২ হাজার বর্গকিলোমিটার জমি দখল করেছে চিন। রাহুল গান্ধীর এই মন্তব্যের তীব্র নিন্দা করে সুপ্রিম কোর্ট। প্রকৃত ভারতীয় হলে এমন কথা বলতে পারতেন না বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। যদিও তিরস্কার করলেও শেষ পর্যন্ত রাহুলকে (Rahul Gandhi) রক্ষাকবচ দিয়েছে শীর্ষ আদালত। এবার শীর্ষ আদালতের মন্তব্য নিয়ে দাদা রাহুলের পাশে দাঁড়ালেন কংরেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi ) । দাদা রাহুলকে নিয়ে মন্তব্যের পাল্টা নিন্দা করে প্রিয়াঙ্কা বলেন, “কে প্রকৃত ভারতীয় হিসেবে যোগ্য তা বিচারকদের সিদ্ধান্ত নেওয়ার কাজ নয়।”

সংসদের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “বিচার বিভাগের প্রতি যথাযথ সম্মান রেখে, কে প্রকৃত ভারতীয় এবং কে নয় তা নির্ধারণ করার দায়িত্ব তাদের নয়। বিচারকরা তা নির্ধারণ করবেন না।” ওয়ানাডের সাংসদের মন্তব্য, লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর কর্তব্য হলো সরকারকে প্রশ্ন করা। রাহুলের বিরুদ্ধে মানহানির মামলার শুনানির সময় শীর্ষ আদালতের মন্তব্যের ফলে উত্তপ্ত রাজনৈতিক বিতর্কের মধ্যেই প্রিয়াঙ্কা এই মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন ২০২০ সালে গালওয়ানে সংঘর্ষের পর চিন ২,০০০ কিলোমিটারেরও বেশি ভারতীয় ভূখণ্ড দখল করেছে এবং ভারতীয় সেনাদের চিনা সেনাবাহিনী মারধর করেছে। সেই মামলাতেই সুপ্রিম কোর্ট জানতে চায়, “আপনি কীভাবে জানলেন যে ২০০০ কিলোমিটার চিনারা দখল করেছে?” তার পরেই শীর্ষ আদালতের বক্তব্য ছিল, “আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হন, তাহলে আপনি তা বলতেন না।”

আরও পড়ুন: Operation Sindoor: অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চাওয়ায় NDA-র বৈঠকে বিরোধীদের যা বললেন প্রধানমন্ত্রী মোদী

প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) আরও বলেন, “রাহুল গান্ধী সর্বদা সেনাবাহিনী এবং আমাদের সেনাদের সম্মান করেছেন… সরকারকে প্রশ্ন করা বিরোধী দলের নেতার দায়িত্ব, এবং তিনি তা করেন।” এই প্রসঙ্গে উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্ট ২০২২ সালের ডিসেম্বরে ভারত জোড়ো যাত্রার সময় সেনাবাহিনী সম্পর্কে গান্ধীর মন্তব্যের জন্য লখনউয়ের একটি আদালতে গান্ধীর বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করেছে। সুপ্রিম কোর্ট কংগ্রেস নেতার সমালোচনা করার পর, বিজেপিও রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করে, তার বিরুদ্ধে “চিনকে শক্তিশালী করার” প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ এনেছে। অন্যদিকে কংগ্রেস পাল্টা আক্রমণ করে বলেছে যে গালওয়ান সংঘর্ষের পর থেকে প্রতিটি দেশপ্রেমিক ভারতীয় উত্তর চেয়েছেন, কিন্তু সরকার সেই উত্তর দেয়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole