Mamata Banerjee: ‘সোনালিদের এনেছি, বাকি চারজনকেও দেশে ফেরাব’, কেন্দ্রকে সরাসরি বার্তা দিলেন মমতা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: কোচবিহারের (Coochbehar) রাসমেলার মাঠে মঙ্গলবারের জনসভা থেকে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে বিদেশে পাঠানোর অভিযোগ তুলে তিনি (Mamata Banerjee) জানান, “সোনালিদের ফিরিয়ে এনেছি, বাকিদেরও আনবই।” তার কথায়, বাংলায় কোনওভাবেই এনআরসি বা ডিটেনশন ক্যাম্প চালু করা যাবে না এই অবস্থান আরও একবার স্পষ্ট করলেন মমতা।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘দয়া চাই না’! দিল্লির পাঠানো চিঠি জনসভায় ছিঁড়লেন মমতা, কেন্দ্রের বিরুদ্ধে কড়া বার্তা

এর আগের দিন প্রশাসনিক বৈঠক সেরে মঙ্গলবার তিনি (Mamata Banerjee) জনসভায় আসেন। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন, ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার বহু বাসিন্দাকে বাংলাদেশি তকমা দিয়ে সীমান্ত পার করে দেওয়া হচ্ছে। বীরভূমের সোনালি বিবির ঘটনা উল্লেখ করে তিনি জানান, দিল্লির পুলিশ ও বিএসএফের যৌথ তৎপরতায় সোনালি বিবি ও তাঁর পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ছ’মাস তাঁরা সেখানে চরম দুর্দশার মধ্যে ছিলেন। খাবারের অভাবে রাজ্য থেকে টাকা পাঠাতে হয়েছিল। কেন্দ্র কোনও সাহায্য করেনি বলেই অভিযোগ মুখ্যমন্ত্রীর। শেষ পর্যন্ত রাজ্য সরকারের উদ্যোগে সোনালি বিবি ও তাঁর নাবালক ছেলেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তবে এখনও বাংলাদেশে (Bangladesh) রয়েছেন সোনালির স্বামী ও আরও তিনজন। তাদের মুক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “ওদেরও ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।” মমতার দাবি, কেন্দ্র পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় ব্যর্থ, উল্টে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের দেশান্তরী করা হচ্ছে।

বীরভূমে ফিরে সোনালি বিবি জানান, অমানিশার মতো ছ’মাস কাটিয়েছেন তাঁরা। ছেলেকে নিয়ে দেশে ফিরতে পারায় তিনি মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। স্বামীর নিরাপদে দেশে ফেরা নিয়েই এখন তাঁর চিন্তা। সোনালি বলেছেন, আর কোনও দিন ভিনরাজ্যে যাবেন না, বাংলাতেই থাকতে চান।

জনসভায় মমতা কেন্দ্রের এনআরসি-ডিটেনশন ক্যাম্প নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। পঞ্চানন বর্মার মূর্তির সামনে তিনি প্রতিশ্রুতি দেন, “বাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্পও নয়। বাংলা বিভেদের রাজনীতি মানে না।” তার বক্তব্য, বাংলার মানুষ সবাই সমান, ধর্ম-বর্ণ-ভাষার ভিত্তিতে বিভাজন বরদাস্ত করা হবে না। এছাড়াও তিনি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং কেন্দ্র-রাজ্য সম্পর্কের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের “উদাসীনতা ও অসহযোগিতা”র কঠোর সমালোচনা করেন। মমতার দাবি, বাংলার মানুষকে বিদেশি বলে চিহ্নিত করা এক ধরনের রাজনৈতিক প্রচার, যা তিনি কোনওভাবেই মেনে নেবেন না। জনসভাজুড়েই তাঁর বার্তা ছিল বাংলার স্বার্থ রক্ষায় রাজ্য সরকার শেষ পর্যন্ত লড়বে এবং কোনও নাগরিককে পরিত্যক্ত হতে দেবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole