নিউজ পোল ব্যুরো: দীর্ঘ দাম্পত্যকলহ, তীব্র মনোমালিন্য, আদালতের দোরগোড়ায় পৌঁছে যাওয়া পরিস্থিতি সবকিছুকে পিছনে ফেলে এবার সম্পর্ক বাঁচানোর পথে হাঁটলেন রিয়া গঙ্গোপাধ্যায় (Riya Ganguly)। স্বামী অরিন্দম চক্রবর্তীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলার পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী। কখনও চোখের জল, কখনও ক্ষোভ প্রকাশ্যে তিক্ততা ছড়িয়েছিল দুই পক্ষ থেকেই। কিন্তু বছরশেষে এসে রিয়া জানালেন, ভাঙনের পথ ছেড়ে তিনি ফিরছেন সংসারের পথে।
২০১৩ সালে বিয়ে করেন রিয়া ও অরিন্দম। তাঁদের যমজ সন্তানের বয়স আটের কোঠায়। দাম্পত্যের টানাপোড়েনের প্রভাব পড়েছিল শিশুদের মনেও। কয়েক মাস আলাদা থাকার পর রিয়া বুঝতে পারেন, সম্পর্ক ভাঙা নয়— বরং মেরামত করাই জরুরি। সেই উপলব্ধিই এবার পথ বদলে দিয়েছে রিয়া গঙ্গোপাধ্যায় (Riya Ganguly)-র।নিজের ভুল স্পষ্ট স্বীকার করে নেন অভিনেত্রী। তিনি বলেন, “যে বিষয় ঘরের মধ্যে মিটে যেত, তা বাইরে এনে একে অপরকে অসম্মান করেছি। ভুলটা আমারই। সেই ফাঁকা জায়গার সুযোগ নিয়েছিল অন্য কেউ।” রিয়ার আরও দাবি, তবু শ্বশুরবাড়ির মানুষ তাঁকে বুকে টেনে নিয়েছেন, যা তাঁকে আরও দৃঢ় করেছে ফিরে আসতে।
তবে সম্পর্ক কি আগের মতো হয়ে উঠবে? রিয়া গঙ্গোপাধ্যায় (Riya Ganguly) আত্মবিশ্বাসী— পারবেন। তাঁর কথায়, “আমরা দু’জনেই আহত। এখন স্বামী-স্ত্রী হিসেবে নয়, মানুষ হিসেবে একে অপরকে সুস্থ হতে সাহায্য করতে চাই। অরিন্দম সব সময়ই সংসারটাকে ধরে রাখতে চেয়েছিল।”রিয়া জানান, সাত বছরের টানা ব্যস্ততায় তাঁদের সম্পর্কে তৈরি হয়েছিল বড় শূন্যস্থান। সময় না দেওয়ার অভাবেই ক্ষত তৈরি হয়েছিল। তাই এবার নতুন করে শুরু করার প্রতিশ্রুতি দিলেন তিনি। অতীত ভুলে এগোতে চান দু’জনেই। রিয়ার ভাষায়, “মানুষ ভুল করেই। কিন্তু ভুল বুঝে শুধরে নেওয়াই আসল।” অভিনেত্রী অভিযোগ করেন, কিছু মানুষ তাঁদের বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে সফল হননি। রিয়া গঙ্গোপাধ্যায় (Riya Ganguly) দৃঢ় কণ্ঠে বলেন, “আমি কারও সংসার ভাঙছি না। নিজের স্বামীর সঙ্গেই থাকছি। তিনিও কাউকে ঘরে তোলেননি। আমরা দু’জনেই চাই বলে সংসারটা টিকে থাকবে।” ব্যক্তিগত জীবন নিয়ে ভবিষ্যতে আর জলঘোলা হোক তা চান না অভিনেত্রী। নতুন বছরে নতুন শুরু এই আশাতেই এগিয়ে যাচ্ছেন রিয়া ও অরিন্দম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
