Pakistan: পাকিস্তানে জেন-জি বিদ্রোহের আতঙ্ক! সোশাল মিডিয়ায় রাশ টানার পথে সরকার

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানে (Pakistan) ইমরান খান (Imran Khan) ঘিরে তৈরি হওয়া নতুন রাজনৈতিক উত্তেজনা এখন সরাসরি রাস্তায় নেমে আসার ইঙ্গিত দিচ্ছে। দেশজুড়ে ক্রমশ বাড়ছে গণঅসন্তোষ, আর সেই ক্ষোভই যে বড় বিস্ফোরণে বদলে যেতে পারে, তা আঁচ করতে পেরেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেনা-প্রভাবিত শাসনব্যবস্থার ছায়ায় চলতে থাকা পাকিস্তানে (Pakistan) গণতন্ত্র কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। ইমরান খানকে বিতর্কিতভাবে কারাগারে রাখা, সংবিধানে সংশোধন এনে সেনাপ্রধান আসিম মুনিরের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দেওয়া এসব ঘটনায় নাগরিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে প্রতিবাদ প্রবল রূপ নিচ্ছে, তা নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে সরকারের।

আরও পড়ুন: Women Empowerment: আমলা নিয়োগে মহিলাদের অগ্রগতি,তবুও কেন মিলছে না সমান সুযোগ?

এই পরিস্থিতিতে চিনের মডেল অনুসরণ করে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ বা বন্ধের পথে হাঁটতে শুরু করেছে শাহবাজ প্রশাসন। পাকিস্তানের (Pakistan) আইনমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক একটি টেলিভিশন সাক্ষাৎকারে জানান, যদি সামাজিক যোগাযোগমাধ্যমগুলির প্ল্যাটফর্ম সরকার বা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা না করে, তবে তাদের নিষিদ্ধ করা ছাড়া সরকারের আর কোনও উপায় থাকবে না। তাকে প্রশ্ন করা হয়েছিল ইমরান খান এবং তাঁর সমর্থকদের নানা অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে সরকার কি কোনও বিশেষ পদক্ষেপ নিতে চলেছে? জবাবে মালিক বলেন, সরকার ইতিমধ্যেই এক্স (X)-এর সঙ্গে যোগাযোগ করেছে এবং বিভিন্ন রিপোর্ট জমা দিয়েছে, কিন্তু প্ল্যাটফর্মটি যথেষ্ট সাড়া দিচ্ছে না। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়া কোনওভাবেই দ্বিমুখী নীতি নিয়ে চলতে পারে না।

আইনমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসবাদ বা উসকানিমূলক প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বারবার অনুরোধ পাঠালেও X কোনও দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। পাশাপাশি তিনি জানান, পাকিস্তানে একটি স্থায়ী অফিস খোলার অনুরোধও X-কে জানানো হয়েছে, কিন্তু তাতেও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মালিক দাবি করেন ইমরান-সমর্থকেরা এই প্ল্যাটফর্মকে ব্যবহার করেই সহিংসতা ও বিদ্রোহী মনোভাব ছড়াচ্ছেন।

তবে সরকারি দাবি যাই হোক, বাস্তব পরিস্থিতি বলছে শাহবাজ সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ প্রবল আকার ধারণ করছে। দেশে আইন-শৃঙ্খলার অবস্থা ক্রমশ অবনতি হওয়ায় আশঙ্কা করা হচ্ছে, ইমরান খান ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের আন্দোলন বা সংঘর্ষ শুরু হতে পারে। এমন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নিতে চাইছে শাহবাজ সরকার। সেই কারণেই বলা হচ্ছে চিনের ধাঁচে কঠোর নজরদারি ও সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের পথে ইতিমধ্যেই এক পা বাড়িয়ে ফেলেছে পাকিস্তান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole