Suvendu Adhikari:প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের বাড়িতে মুখ্যমন্ত্রী!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নিজ বাসভবন শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র (Suvendu Adhikari) গন্তব্য ছিল চণ্ডীপুরের কুলুপ গ্রাম। সেখানে প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি। মুখ্যমন্ত্রী প্রয়াতের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ একান্তে কথাবার্তাও বলেন তিনি। সূত্রের খবর, শোকস্তব্ধ পরিবারের পাশে সর্বতোভাবে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:RG Kar case new division bench:আরজি কর কাণ্ডে নতুন ডিভিশন বেঞ্চ, সোমবার থেকেই দ্রুত শুনানি শুরু!

উল্লেখ্য, গত ৬ মে রাতে মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন চন্দ্রনাথ রথ। ঘটনার পরপরই রাজ্যের নতুন সরকারের দায়িত্ব গ্রহণ এবং বিধায়ক হিসেবে শপথগ্রহণের ব্যস্ততার কারণে মৃতের পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি মুখ্যমন্ত্রী। সেই অপূর্ণতাই রবিবার পূরণ করলেন তিনি।

ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন জন ভাড়াটে পেশাদার খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তভার বর্তমানে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এর হাতে ন্যস্ত হয়েছে।

এদিকে, রবিবার দুপুর থেকেই কাঁথির শান্তিকুঞ্জের সামনে ভিড় জমাতে শুরু করেন ভারতীয় জনতা পার্টির কর্মী ও সমর্থকরা। বিকেলের দিকে মুখ্যমন্ত্রী বাসভবন থেকে বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুগামীরা। কেউ পেতলের গণেশমূর্তি, কেউ বা শ্বেতপাথরের দুর্গা প্রতিমা উপহার হিসেবে নিয়ে আসেন। পাশাপাশি বহু সমর্থকের হাতেই ছিল পুষ্পস্তবক। একে একে সকলের শুভেচ্ছা ও উপহার গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাসভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কড়া। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয় শান্তিকুঞ্জ চত্বরে। তবে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও সাধারণ মানুষের চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি। বাড়ির সামনে দিয়ে টোটো, মোটরবাইক, স্কুটি-সহ অন্যান্য যানবাহনের চলাচল ছিল স্বাভাবিক।