Mobile: সিম কার্ডের এক কোণ কাটা থাকে কেন? প্রযুক্তিবিদদের ব্যাখ্যায় সামনে এল চমকপ্রদ তথ্য

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: আধুনিক যুগে মোবাইল ফোন যেন মানুষের নিত্যসঙ্গী। আর এই মোবাইল ব্যবহারের পেছনে মূল ভূমিকা পালন করে ছোট্ট একটি চিপ SIM card । কল করা, মেসেজ পাঠানো থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার, সবকিছুর ভিত্তি এই সিম কার্ড। প্রায় প্রতিটি মানুষই মোবাইল কেনার পর সিম কার্ড ব্যবহার করেন, কিন্তু এক বিস্ময়কর তথ্য খুব কম মানুষই জানেন, কেন সিম কার্ডের এক কোণ কাটা থাকে?

আরও পড়ুন:Women Empowerment: আমলা নিয়োগে মহিলাদের অগ্রগতি,তবুও কেন মিলছে না সমান সুযোগ?

আমরা অনেকেই প্রতিদিন সিম কার্ড ব্যবহার করি, ফোনে ঢুকাই-বার করি, কিন্তু কখনও কি ভেবে দেখেছি কেন চারকোনা কার্ডটির একটি দিক ত্রিভুজাকৃতি করে কেটে দেওয়া হয়? প্রযুক্তিবিদদের মতে, এই নকশার পেছনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য। মূলত সিমটি যাতে ফোনের স্লটে সঠিক ভাবে প্রবেশ করানো যায়, তাই এই বিশেষ কাটিং করা হয়। যদি সিম কার্ডটি পুরোপুরি চারকোনা হতো, তা হলে ব্যবহারকারীরা সহজেই ভুলদিকে ঢুকিয়ে ফেলতে পারতেন, যার ফলে সিমটি ঠিকভাবে সংযোগ স্থাপন করতে পারত না।

ফোনের ভেতরে নির্দিষ্ট সার্কিটের ওপর সিম কার্ডটি বসে। কোণ কাটা থাকার ফলে ব্যবহারকারীও সহজেই বুঝতে পারেন কোন দিকটি কোথায় যাবে। ভুলভাবে সিম প্রবেশ করালে তা শুধু কাজ করবে না, বরং সিমের চিপ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও থাকে। তাতে মোবাইলে নেটওয়ার্ক আসা বন্ধ হয়ে যেতে পারে বা সিম পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

একটি সিম কার্ডের ভেতরে থাকে ব্যবহারকারীর অত্যন্ত সংবেদনশীল তথ্য , এনক্রিপ্টেড সিকিউরিটি কি, গ্রাহকের নেটওয়ার্ক অ্যাক্সেস সংক্রান্ত ডেটা ইত্যাদি। ফোন চালু করার পর মোবাইল ডিভাইস সিমের এই তথ্য পড়ে নেটওয়ার্কে পাঠায়। এরপর নেটওয়ার্ক কর্তৃপক্ষ যাচাই করে ব্যবহারকারী সত্যিই ওই নেটওয়ার্ক ব্যবহার করার অনুমতি রাখেন কি না। এভাবেই সম্পন্ন হয় পরিচয় যাচাই বা আইডেন্টিটি অথেনটিকেশন। এই কারণেই এক সংস্থার সিম কার্ড অন্য সংস্থার নেটওয়ার্কে কাজ করে না—কারণ প্রতিটি সিম একটি নির্দিষ্ট অপারেটরের সিস্টেমের সঙ্গে এনক্রিপ্টেড ভাবে বাঁধা থাকে। নকশার এই সূক্ষ্ম কাটিং তাই শুধু একটি ডিজাইন নয়, বরং সঠিক সংযোগ, নিরাপত্তা এবং প্রযুক্তিগত স্থায়িত্ব নিশ্চিত করার একটি অপরিহার্য অংশ।