Jadavpur University: দ্বাদশের পর ভাষাবিজ্ঞান পড়ে কী সুযোগ অপেক্ষা করছে?জানুন সব তথ্য

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: শুধু কারিগরি বা প্রযুক্তিগত জ্ঞানই নয়, সাহিত্য, ভাষা ও মানব যোগাযোগের বিজ্ঞান নিয়েও বিশ্বজুড়ে উচ্চশিক্ষা ও গবেষণার চাহিদা ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে ভাষাবিজ্ঞান বা লিঙ্গুইস্টিকস (Linguistics) আজ একটি সম্ভাবনাময় শিক্ষাক্ষেত্র হিসেবে উঠে আসছে। ভাষা কীভাবে গঠিত হয়, মানুষ কীভাবে ভাষা ব্যবহার করে, ধ্বনি থেকে বাক্য গঠনের নিয়ম, এই সমস্ত বিষয়কে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করাই ভাষাবিজ্ঞানের মূল লক্ষ্য।

আরও পড়ুন:Cancer Patient: কেমোথেরাপির সময় প্রোটিন খাওয়া যাবে না? ক্যানসার রোগীদের খাবার নিয়ে ভুল তথ্যের আসল সত্য

বর্তমানে ভারতের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে লিঙ্গুইস্টিকস বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরে পড়াশোনার সুযোগ রয়েছে। রাজ্যের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিকস এই বিষয়ে বিশেষভাবে পরিচিত। এখানে লিঙ্গুইস্টিকসে স্নাতকোত্তর ও গবেষণার সুযোগ রয়েছে। পাশাপাশি, যাঁরা অন্য বিষয়ে স্নাতক স্তরে পড়ছেন, তারাও ‘মাইনর পেপার ’ হিসেবে এই বিষয়টি নিতে পারেন।

এ ছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে এবং সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভাষাবিজ্ঞান পড়ানো হয়। রাজ্যের বাইরে দিল্লি বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়-সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। যে কোনও বিষয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই সাধারণত স্নাতক স্তরে লিঙ্গুইস্টিকস পড়ার যোগ্যতা অর্জন করা যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের ডিরেক্টর অতনু সাহার মতে, যে কোনও শাখার পড়ুয়ারাই ভাষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারেন। তবে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা কিছু ক্ষেত্রে বাড়তি সুবিধা পান। কারণ লিঙ্গুইস্টিকসের অন্তর্গত ফোনেটিক্স , ফোনোলজি, সিন্ট্যাক্স, সেম্যান্টিক্স -এর মতো বিষয়গুলিতে যুক্তিবাদী ও গাণিতিক বিশ্লেষণের প্রয়োজন হয়।

ভাষাবিজ্ঞান পড়ার পর পেশাগত ক্ষেত্রও যথেষ্ট বিস্তৃত। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) উত্তীর্ণ হলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ মেলে। দেশ-বিদেশে গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি পাবলিশিং হাউস, এডিটোরিয়াল সংস্থা, ভাষা প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপেও চাকরির সুযোগ রয়েছে। এছাড়া স্পিচ থেরাপিস্ট , কনটেন্ট ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, ট্রান্সলেশন ও ল্যাঙ্গুয়েজ কনসালট্যান্ট হিসেবেও লিঙ্গুইস্টিকসের পড়ুয়াদের চাহিদা ক্রমেই বাড়ছে।