Bangladesh: বাংলাদেশ হাইকমিশনারকে তলব ভারতের বিদেশ মন্ত্রকের, কূটনৈতিক স্তরে উত্তেজনা

দেশ

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে কূটনৈতিক স্তরে নতুন করে উত্তেজনা তৈরি হল ভারত (India)ও বাংলাদেশের (Bangladesh) মধ্যে। এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার সাউথ ব্লকে ডেকে পাঠানো হয় বাংলাদেশের (Bangladesh) হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। বৈঠকে বাংলাদেশের মাটিতে কর্মরত ভারতীয় কূটনীতিক ও দূতাবাসের আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে স্পষ্ট বার্তা দেয় নয়াদিল্লি। উল্লেখযোগ্যভাবে, মাত্র সাত দিনের ব্যবধানে দ্বিতীয়বার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত যা কূটনৈতিক মহলে বিরল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Christmas: বড়দিনে যাত্রী সুরক্ষায় কড়া ব্যবস্থা, পার্ক স্ট্রিট ও ময়দান মেট্রোয় আলাদা প্রবেশ-প্রস্থান গেট

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক হিংসাত্মক ঘটনার জেরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। গুলিতে ওসমান হাদির মৃত্যু এবং তার পরপরই হিন্দু যুবক দীপু দাসকে মারধর করে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগে গোটা বাংলাদেশে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, মৌলবাদী গোষ্ঠীরাই এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই ঘটনার প্রতিবাদে ভারতেও বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এই আবহে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক আগেই ভারতের হাইকমিশনারকে তলব করেছিল। মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়ামের ডাকে হাজির হন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সকাল ১০টায় ওই বৈঠকে বাংলাদেশের তরফে দাবি করা হয়, ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনে কর্মরত আধিকারিকদের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত।

এর ঠিক একদিন আগেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মন্তব্যের পরই ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয় বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভারতে কর্মরত বাংলাদেশের কূটনীতিকরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং তাদের সুরক্ষায় কোনও ঘাটতি নেই।

কূটনৈতিক মহলের একাংশের মতে, ইউনূস প্রশাসন ভারতের কাছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেও নিজের দেশের সাধারণ নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এই দ্বিপাক্ষিক টানাপড়েন আগামী দিনে দুই দেশের সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে নয়াদিল্লি ও ঢাকা দুই রাজধানীই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole