Christmas: বড়দিনে যাত্রী সুরক্ষায় কড়া ব্যবস্থা, পার্ক স্ট্রিট ও ময়দান মেট্রোয় আলাদা প্রবেশ-প্রস্থান গেট

কলকাতা

নিউজ পোল ব্যুরো: বছরের শেষ উৎসবকে (Christmas) ঘিরে আনন্দে মেতে উঠেছে কলকাতা (Kolkata)। মঙ্গলবার থেকেই পার্ক স্ট্রিট (Park Street) ও ময়দান চত্বরে মানুষের ভিড় চোখে পড়ার মতো। বড়দিনে সেই ভিড় যে আরও কয়েকগুণ বাড়বে, তা বলাই বাহুল্য। এই বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে যাত্রীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বড়দিনের (Christmas) দিন পার্ক স্ট্রিট ও ময়দান (Maidan) মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থানের জন্য আলাদা গেট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Kolkata: পঞ্চায়েত ভবনের ভেতরেই প্রধানকে মারধরের অভিযোগ, চাঞ্চল্য রাজাহাটে

কলকাতা মেট্রোর তরফে মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর, বড়দিন (Christmas) উপলক্ষে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নির্দিষ্ট নিয়ম কার্যকর থাকবে। ওই দিন যাত্রীরা গেট নম্বর ১ (ইন্ডিয়ান মিউজিয়ামের দিক), গেট নম্বর ২ (ময়দান সংলগ্ন এলাকা) এবং গেট নম্বর ৩ (বাজার কলকাতা আউটলেটের কাছে) দিয়ে স্টেশনে প্রবেশ করতে পারবেন। অন্যদিকে, মেট্রো স্টেশন থেকে বেরোনোর জন্য ব্যবহার করতে হবে গেট নম্বর ৫ (মেয়ো রোডের দিকে) ও গেট নম্বর ৬ (কিড স্ট্রিটের দিকে)। নিরাপত্তার স্বার্থে ওই দিন পার্ক স্ট্রিট স্টেশনের ৪ নম্বর গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু পার্ক স্ট্রিট নয়, একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ময়দান মেট্রো স্টেশনেও। ময়দান স্টেশনে যাত্রীরা ২ নম্বর ও ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। স্টেশন থেকে বেরোনোর জন্য নির্ধারিত থাকবে শুধুমাত্র ১ নম্বর গেট। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বড়দিনের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। এই বিশেষ ব্যবস্থা শুধুমাত্র ২৫ ডিসেম্বরের জন্যই কার্যকর থাকবে।

এদিকে বড়দিন ও বর্ষবরণকে কেন্দ্র করে ইতিমধ্যেই আলোর সাজে সেজে উঠেছে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকা। গো-বারাক, অ্যালান পার্ক-সহ আশপাশের জায়গাগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন শহরবাসী ও পর্যটকেরা। শীতের আমেজে উৎসবের রং আরও উজ্জ্বল হয়ে উঠেছে। অনেকের কাছেই মেট্রোই সহজ ও নিরাপদ যাতায়াতের মাধ্যম। সেই কারণেই ভিড় নিয়ন্ত্রণ, দুর্ঘটনা এড়ানো এবং যাত্রী সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বড়দিনের দিন এই বিশেষ পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole