নিউজ পোল ব্যুরো: পঞ্চায়েত ভবনের মধ্যেই পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগে চাঞ্চল্য রাজাহাটে (Kolkata)। ঘটনাটি ঘটেছে রাজারহাটের (Kolkata) পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, মঙ্গলবার দুপুরে পঞ্চায়েত ভবনের ভেতরে দাঁড়িয়ে থাকার সময় আচমকা একদল লোক পঞ্চায়েত প্রধান পিঙ্কি মন্ডলকে ঘিরে ধরে মারধর করে। এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পিঙ্কি মন্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পাথরঘাটা (Kolkata) পঞ্চায়েত ভবনের ভেতরে প্রধান নিজের দপ্তরের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকাই ১০ থেকে ১৫ জন সেখানে ঢুকে পড়েন। জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রথমে প্রধানের সঙ্গে বচসা শুরু হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কয়েকজন মহিলা প্রধানের চুলের মুঠি ধরে টানাটানি করেন এবং মারধর করা হয়। পঞ্চায়েত ভবনের মতো সংবেদনশীল জায়গায় এমন ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মারধরের পর পঞ্চায়েত প্রধান অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। কিছু সময় পরে তাঁকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যার দিকে উপপ্রধান আক্তার আলী গাজী এবং একাধিক পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে টেকনো সিটি থানায় পৌঁছন পিঙ্কি মন্ডল। সেখানে তিনি ঘটনার বিস্তারিত জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পরিকল্পিতভাবেই ওই হামলা চালানো হয়েছিল এবং হামলাকারীরা পঞ্চায়েত ভবনের ভেতরে ঢুকে এই কাণ্ড ঘটায়।
থানা থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চাননি পঞ্চায়েত প্রধান। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান, তিনি এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই। যা ঘটেছে, তা সম্পূর্ণভাবে প্রশাসনকে জানানো হয়েছে এবং আইনি পদক্ষেপের জন্য থানায় অভিযোগ করা হয়েছে। তাঁর দাবি, ১৫-১৬ জন পরিকল্পনা করে এই হামলা চালায় এবং তিনি প্রশাসনের উপর ভরসা রাখছেন।
এদিকে ঘটনার পর পাথরঘাটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পঞ্চায়েত ভবনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, জনপ্রতিনিধির উপর এভাবে প্রকাশ্যে হামলা অত্যন্ত উদ্বেগজনক। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। হামলায় কারা জড়িত, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখতে এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
