Kolkata Metro : বড়দিনে কলকাতাবাসীর জন্য সুখবর! গভীর রাত পর্যন্ত চলবে ব্লু ও গ্রিন লাইনের মেট্রো পরিষেবা

কলকাতা

নিউজ পোল ব্যুরো: বড়দিনে শহরবাসীর জন্য বড় সুখবর দিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। উৎসবের দিনে রাত পর্যন্ত শহরের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার ব্লু লাইন (Blue Line Metro) ও গ্রিন লাইনে (Green Line Metro) স্বাভাবিক দিনের তুলনায় অনেক বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা (Kolkata Metro)। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিশেষ সময়সূচির কথা জানানো হয়েছে। ক্রিসমাস মানেই কলকাতার (Kolkata) রাস্তায় উপচে পড়া ভিড়। পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন, কালীঘাট-সহ শহরের বিভিন্ন গির্জা ও আলোকসজ্জায় মোড়া এলাকা দেখতে হাজার হাজার মানুষ বের হন। অনেকে আবার শুধুই উৎসবের আবহ উপভোগ করতে শহরের পথে হাঁটেন। এই বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখেই বড়দিনে রাত পর্যন্ত মেট্রো (Kolkata Metro) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : Domicile Certificate : টাউন হল নয়, এবার পুরসভার কেন্দ্রীয় ভবন থেকেই ডোমিসাইল সার্টিফিকেট! নাগরিকদের স্বস্তিতে বড় সিদ্ধান্ত KMC-র

মেট্রোর নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়দিনে ব্লু লাইনে মোট ২২৪টি মেট্রো চলবে। যদিও স্বাভাবিক দিনে এই সংখ্যা ২৭২। তবে পরিষেবা পাওয়া যাবে প্রতি ৭ মিনিট অন্তর। অন্যদিকে গ্রিন লাইনে (Green Line Metro) চলবে মোট ২০১টি মেট্রো, যেখানে যাত্রীরা প্রতি ৬ মিনিট অন্তর ট্রেন পাবেন। ব্লু লাইনের (Blue Line Metro) ক্ষেত্রে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকালের প্রথম মেট্রোর সময়সূচিতে তেমন পরিবর্তন নেই। ডাউন লাইনে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোও বড়দিনে ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে, যা সাধারণ দিনের তুলনায় সামান্য এগিয়ে আনা হয়েছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শেষ মেট্রোর সময়ে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। উলটো দিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ২০ মিনিটে। পাশাপাশি শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ১০টায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

গ্রিন লাইনে (Green Line Metro) সকালবেলার পরিষেবা প্রায় অপরিবর্তিত। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩৯ মিনিটে এবং হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৪৫ মিনিটে। দিনের শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকেই মিলবে রাত ৯টা ৫৫ মিনিটে। তবে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ মেট্রো আগের তুলনায় দেরিতে, অর্থাৎ রাত ১০টা ২০ মিনিটে ছাড়বে। বড়দিনে শহরের উৎসবমুখী মানুষের জন্য কলকাতা মেট্রোর এই বিশেষ ব্যবস্থা নিঃসন্দেহে স্বস্তির খবর।