Gmail : ডেটা নষ্ট না করেই বদলানো যাবে জিমেল আইডি! গুগলের নতুন ফিচারে স্বস্তিতে ইউজাররা

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: ইমেল (Email) ঠিকানা বদলানো মানেই এতদিন ছিল চরম ঝামেলার বিষয়। নতুন ইমেল আইডি (Email ID)তৈরি করলেই পুরনো ঠিকানার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ডেটা, পরিষেবা ও যোগাযোগের ধারাবাহিকতা ভেঙে যাওয়ার ভয় থাকত। ফলে বহু ইউজার চাইলেও নিজের ইমেল ঠিকানা বদলাতে সাহস পেতেন না। তবে এবার সেই দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটাতে চলেছে গুগল (Google)। জিমেল (Gmail) ব্যবহারকারীদের জন্য আসছে এক বড়সড় স্বস্তির খবর। গুগলের (Google) নতুন আপডেট অনুযায়ী, জিমেল (Gmail) অ্যাকাউন্ট থাকা ইউজাররা এবার নিজেদের ইমেল (Email) ঠিকানা পরিবর্তন করতে পারবেন, তাও আবার ডেটা ও পরিষেবা অক্ষুণ্ণ রেখেই। সবচেয়ে বড় কথা, ইমেল (Email) ঠিকানা বদলালেও পুরনো জিমেল (Gmail) আইডিটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে না। পুরনো ও নতুন—দু’টি ঠিকানাতেই পাঠানো ইমেল (Email) ইউজাররা পেতে থাকবেন। শুধু তাই নয়, ছবি, নথি, মেল, গুগল ড্রাইভ, কনট্যাক্টস-সহ আগের ইমেল আইডির সঙ্গে যুক্ত যাবতীয় সংরক্ষিত ডেটার উপর কোনও প্রভাব পড়বে না।

আরও পড়ুন : Egg Price Hike : শীতের বাজারে ডিমে আগুন! কেন হঠাৎ ৮–৯ টাকায় পৌঁছল এক পিসের দাম?

তবে এই সুবিধা এখনই সব জিমেল (Gmail) গ্রাহকের জন্য চালু হচ্ছে না। গুগলের (Google) সাপোর্ট পেজ অনুযায়ী, ধাপে ধাপে এই ফিচার সকল ইউজারের জন্য চালু করা হবে। অর্থাৎ, কিছু ব্যবহারকারী আগে এই সুবিধা পাবেন, পরে ধীরে ধীরে বাকিরাও ইমেল (Email) ঠিকানা বদলানোর সুযোগ পাবেন। এই ঘোষণার ফলে সবচেয়ে বেশি খুশি সেই সব ইউজার, যারা কম বয়সে আবেগের বশে বা মজা করে অদ্ভুত, হাস্যকর কিংবা অপ্রফেশনাল নামের ইমেল আইডি তৈরি করেছিলেন। চাকরি, ব্যবসা বা অফিসিয়াল কাজে সেই ইমেল (Email)ব্যবহার করতে গিয়ে তাদের বহুবার অস্বস্তিতে পড়তে হয়েছে। এবার তারা মনমতো, পরিপাটি নামের ইমেল ঠিকানা রাখতে পারবেন। আবার অনেকে ব্যক্তিগত গোপনীয়তার জন্য নতুন, ছদ্মনামের ইমেল আইডি ব্যবহার করতে চান—তাদের জন্যও এটি দারুণ সুযোগ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে এই নতুন নিয়মের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্তও জুড়ে দিয়েছে গুগল। একবার ইমেল ঠিকানা পরিবর্তন করলে, সেই একই অ্যাকাউন্টের জন্য পরবর্তী ১২ মাসের মধ্যে আর নতুন কোনও ইমেল আইডি তৈরি করা যাবে না। যদিও পুরনো ইমেল ঠিকানাটি ভবিষ্যতে পুনরায় ব্যবহার করা যাবে। জিমেলের (Gmail) এই ঘোষণার পর সোশাল মিডিয়ায় নেটিজেনদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, “এই ফিচারটা ২০০৫ সালেই দরকার ছিল, আসছে ২০২৫ সালে!” আবার কেউ মজা করে বলছেন, পুরনো ‘কুল’ অথচ আজ বিব্রতকর ইমেল আইডিগুলো অবশেষে বদলানো যাবে। অনেকের মতে, এই পরিবর্তন শুধু প্রযুক্তিগত নয়, ব্যক্তিগত পরিচয়ের ক্ষেত্রেও এক নতুন অধ্যায় খুলে দিল।