Kolkata: যশোর রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা! আই-টেন গাড়ির ধাক্কায় গুরুতর জখম ৩ যুবক, তদন্তে পুলিশ

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল লেকটাউন (Kolkata) যশোর রোড এলাকায়। বরাট বাস স্ট্যান্ডের কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন যুবক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে পুলিশের লেখা স্টিকার লাগানো ছিল। পাশাপাশি গাড়ির ভিতরে মদের বোতল ও গ্লাস পড়ে থাকতে দেখা যায়, যা থেকে অনুমান করা হচ্ছে চালক ও যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিলেন। আহত তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: Humayun Kabir: “আগে বাবরি মসজিদ করুন…”, হুমায়ুনের জোট প্রস্তাবের পাল্টায় তীব্র কটাক্ষ অভিষেকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোররাতে একটি আই-টেন গাড়ি পাতিপুকুর দিক থেকে এয়ারপোর্টের (Kolkata) দিকে যাচ্ছিল। গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি। দ্রুতগতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিক অনুমান। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ১০৭ ছোট হাতি গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে আই-টেনটি। সংঘর্ষের জেরে গাড়িটির বাঁ দিক সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। প্রবল ধাক্কায় গাড়ির ভিতরেই আটকে পড়েন তিন যুবক।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের এলাকার মানুষজন ছুটে আসেন। স্থানীয়দের সহায়তায় প্রথমে আহতদের গাড়ির ভিতর থেকে বার করার চেষ্টা করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে আর জি কর হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে সংঘর্ষের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে।

তবে দুর্ঘটনার কারণ নিয়ে ভিন্ন তথ্যও সামনে এসেছে। পুলিশ সূত্রের দাবি, একটি কুকুরকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ ব্রেক কষেন এবং স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারান। সেই সময়ই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছোট হাতি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। যদিও স্থানীয়দের একাংশ এই যুক্তি মানতে নারাজ। তাঁদের দাবি, অতিরিক্ত গতি ও সম্ভাব্য মদ্যপ অবস্থাই দুর্ঘটনার মূল কারণ।

এই ঘটনার পর থেকেই এলাকায় (Kolkata) নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে একটি গাড়িতে পুলিশের স্টিকার লাগানো ছিল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। লেকটাউন থানার পুলিশ গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং আহতদের শারীরিক অবস্থা ও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole