Iran: ‘যুবরাজকে ফেরাও!’ স্লোগানে কাঁপছে তেহরান, জনরোষ রুখতে গোটা ইরানে ইন্টারনেট পরিষেবা স্তব্ধ

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েও ইরানে (Iran) সরকার-বিরোধী আন্দোলনের আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রশাসন। বরং গত কয়েক দিনে পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠেছে। এই মুহূর্তে ইরানের ৩১টি অঙ্গরাজ্যের প্রতিটিতেই সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজপথে নেমে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ, যুবসমাজ থেকে শুরু করে নারীরাও আন্দোলনে সামিল হয়েছেন। এমন উত্তাল পরিস্থিতির মাঝেই শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন ইরানের (Iran) সর্বোচ্চ ধর্মীয় নেতা। দেশবাসীর কাছে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পাশাপাশি বিদেশি শক্তির হস্তক্ষেপের অভিযোগ তুলে কড়া বার্তা দেন তিনি। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) নিশানা করে খামেনেই বলেন, ইরানের (Iran) অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোই সবার জন্য মঙ্গলজনক।

আরও পড়ুন: Prashant Tamang Death : হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল ৩’-খ্যাত প্রশান্ত তামাং, সলমনের ছবিই রইল শেষ কাজ

তবে প্রশাসনের এই আহ্বানের মধ্যেই সামনে এসেছে ভয়াবহ মৃত্যুর পরিসংখ্যান। খামেনেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। সেনা ও পুলিশের গুলিতে নিহত হয়েছেন তাঁরা। ইরানে কর্মরত নরওয়ের একটি মানবাধিকার সংগঠনের দাবি, গত কয়েক দিনের আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫১। নিহতদের মধ্যে বেশিরভাগই ১৮ বছরের আশপাশের তরুণ। অন্য কয়েকটি মানবাধিকার সংগঠন আবার জানিয়েছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬৫ ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি, নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ে এখনও পর্যন্ত প্রায় ২৩০০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে খবর।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চেও সক্রিয় হয়েছে ইরান সরকার। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছে তেহরান। ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে ইরান জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং আন্দোলনে উস্কানি দিচ্ছে। শুধু ইজরায়েল নয়, আমেরিকার বিরুদ্ধেও কড়া অভিযোগ তুলেছেন খামেনেই। তাঁর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভকে পরিকল্পিতভাবে হিংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ডে পরিণত করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি, যিনি প্রাক্তন শাসক রেজা শাহ পাহলভির পুত্র, প্রকাশ্যে জনগণকে সরকার-বিরোধী আন্দোলনে নামার আহ্বান জানিয়েছিলেন। তার পরপরই ইরানজুড়ে ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে নেটব্লকসের রিপোর্ট বলছে, এই ডিজিটাল সেন্সরশিপ আরোপের পরও আন্দোলনের তীব্রতা কমেনি, বরং গোটা দেশজুড়ে বিক্ষোভ আরও তুঙ্গে উঠেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole