নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) সংক্রান্ত জটিলতা যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না। উলটে নির্বাচন কমিশনের (Election Commission) অন্দরেও উদ্বেগ ক্রমশ বাড়ছে। একের পর এক শাসকদলের নেতা ও তাঁদের পরিবারের সদস্যদের নামে শুনানির নোটিস (SIR) পৌঁছনোয় নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হল তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহার ছেলের নাম।
আরও পড়ুন: Kolkata: খাস কলকাতায় জাল নোট চক্রের হদিশ! উদ্ধার লাখ লাখ টাকা, পুলিশের জালে ৩ পাচারকারী
সূত্রের খবর, তেহট্ট বিধানসভার দু’বারের বিধায়ক তাপস সাহার ছেলে সাগ্নিক সাহার কাছে সম্প্রতি এসআইআর (SIR) সংক্রান্ত শুনানির নোটিস পাঠানো হয়েছে। এই নোটিস ঘিরে রাজনৈতিক মহলে যেমন প্রশ্ন উঠছে, তেমনই ব্যক্তিগত স্তরেও চরম অস্বস্তির মুখে পড়েছেন সাগ্নিক। রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও কেন তাঁকে এই প্রক্রিয়ার মধ্যে টেনে আনা হল, তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
জানা গিয়েছে, সাগ্নিক সাহা পেশায় একজন কর্পোরেট কর্মী। বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। বাবার মৃত্যুর পর বর্তমানে তিনি নদিয়ার (Nadia) তেহট্ট থানার অন্তর্গত কড়ুইগাছিতে নিজের বাড়িতেই থাকছেন। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের তরফে তাঁর কাছে শুনানির নোটিস পৌঁছয়। নোটিস হাতে পেয়েই তিনি বিস্মিত ও বিরক্ত এমনটাই জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।
তাপস কুমার সাহা ছিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) পরিচিত মুখ। দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে যুক্ত থেকে তিনি এলাকায় শক্ত সংগঠন গড়ে তুলেছিলেন। ২০১৬ সালে পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তেহট্ট কেন্দ্র থেকে প্রার্থী হয়ে প্রবল বিজেপি হাওয়ার মধ্যেও জয় ছিনিয়ে আনেন তাপস সাহা। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা দলের অন্দরেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।
তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। ২০২৫ সালের শুরু থেকেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত ১৫ মে সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বাবার প্রয়াণের পর পরিবারের উপর যে মানসিক চাপ নেমে এসেছে, তার মধ্যেই এই নোটিস নতুন করে যন্ত্রণা বাড়িয়েছে বলে দাবি সাগ্নিকের।
এই প্রসঙ্গে সাগ্নিক সাহার বক্তব্য, “বাবা সারাজীবন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রাজ্যের পরিচিত নেতা এবং দু’টি আলাদা বিধানসভা কেন্দ্র থেকে দু’বার নির্বাচিত জনপ্রতিনিধি। সেই বাবার ছেলেকে আজ প্রমাণ করতে বলা হচ্ছে আমি ভারতীয় নাগরিক কিনা। এটা শুধু অযৌক্তিক নয়, অত্যন্ত অপমানজনকও।” এই ঘটনায় এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্ক আরও তীব্র হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
