নিউজ পোল ব্যুরো: পাটুলিতে (Kolkata) ভুয়ো নোট কারবারের এক বড়সড় চক্রের সন্ধান পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধারাবাহিক অভিযানে তিন জনকে গ্রেফতার করার পাশাপাশি বিপুল পরিমাণ জাল ও আসল টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে পুলিশের হাতে এসেছে জাল নোট ছাপার একটি গোপন কারখানার হদিশ, যা কার্যত পেশাদার কায়দায় চলছিল বলে তদন্তকারীদের দাবি।
আরও পড়ুন: যাদবপুরে বিএলও-র অস্বাভাবিক মৃত্যু! নেপথ্যে কি SIR সংক্রান্ত কাজের প্রবল চাপ?
বুধবার বিকেলে পাটুলি (Kolkata) থানা এলাকার একটি গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় STF। প্রথমে তিন জন সন্দেহভাজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০০, ২০০ এবং ১০০ টাকার মোট ৯,২০০ টাকার জাল নোট উদ্ধার হয়। এরপরই তাদের গ্রেফতার করা হয়। ধৃত তিন জনের নাম অলোক নাগ ওরফে বাপি (বয়স ৫৮), অয়ন নাগ ওরফে বিকি (বয়স ৩৩) দু’জনেই সোনারপুরের বাসিন্দা এবং টিটাগড়ের বাসিন্দা ৩৬ বছরের শ্যাম বাবু পাসওয়ান। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারদের জেরা করে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ তথ্য পান। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার ভোরে সোনারপুরের (Kolkata) তেঘোরিয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে হানা দেয় STF। পুলিশ জানিয়েছে, শ্যামল কুমার রায়ের মালিকানাধীন ওই বাড়িটি অলোক নাগ দীর্ঘদিন ধরে জাল নোট তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন। সেখানে তল্লাশি চালিয়ে আরও ১৫,২০০ টাকার জাল নোট এবং ২২,০০০ টাকার আসল নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ভাড়া বাড়ি থেকে জাল নোট তৈরির জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক সরঞ্জামও পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি স্ক্যানার-কাম-রঙিন প্রিন্টার, টেমপ্লেট হিসেবে ব্যবহৃত বিভিন্ন মূল্যমানের আসল নোট (৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকা), প্রচুর আধা-তৈরি এবং সম্পূর্ণ ছাপা জাল নোট। পাশাপাশি নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য নকল করার জন্য ব্যবহৃত নয়টি বিশেষ সবুজ চকচকে কলমও বাজেয়াপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ধৃত তিন জনকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। STF জানিয়েছে, এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, এর সঙ্গে আর কারা যুক্ত এবং জাল নোট কোথায় কোথায় সরবরাহ করা হচ্ছিল সব দিক খতিয়ে দেখতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
