নিউজ পোল ব্যুরো: নতুন বছরের শুরুতেই জিমেল ব্যবহারকারীদের জন্য বড় সুখবর নিয়ে এল গুগল। কৃত্রিম মেধা নির্ভর জেমিনাই প্রযুক্তিতে একাধিক আধুনিক আপডেট যুক্ত করা হয়েছে, যার ফলে ইমেল লেখা ও উত্তর দেওয়ার কাজ আগের তুলনায় অনেকটাই সহজ হয়ে যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল— এই নতুন সুবিধাগুলির জন্য ব্যবহারকারীদের আলাদা করে কোনও টাকা খরচ করতে হবে না।
আরও পড়ুন:Amazon: কম দামে হাই-টেক ফোন! আমাজনের রিপাবলিক ডে সেলে অফারের হিড়িক
গুগলের তরফে জানানো হয়েছে, জিমেলে এবার থেকে মেল লেখার সময় ‘Help Me Write’ নামের একটি নতুন অপশন দেখা যাবে। এই অপশনে ক্লিক করে শুধুমাত্র মেলের বিষয়বস্তু বা কী বলতে চান তার সংক্ষিপ্ত বিবরণ দিলেই সম্পূর্ণ ইমেল লিখে দেবে জেমিনাই। অফিসিয়াল মেল হোক বা ব্যক্তিগত বার্তা— সব ক্ষেত্রেই এই কৃত্রিম মেধা নির্ভর ফিচার ব্যবহার করা যাবে। ব্যবহারকারী চাইলে আংশিক লেখা মেলও জেমিনাইয়ের সাহায্যে আরও সুন্দরভাবে ড্রাফট করতে পারবেন। শুধু তাই নয়, ইমেলকে আরও নিখুঁত করতে জিমেলের জেমিনাইতে যোগ করা হয়েছে ‘Formalize’, ‘Elaborate’ এবং ‘Shorten’-এর মতো স্মার্ট অপশন। কোনও লেখা খুব সাধারণ হলে সেটিকে আরও আনুষ্ঠানিক করা যাবে, আবার প্রয়োজন হলে ছোট বা বিস্তারিত করাও সম্ভব হবে। এর ফলে পেশাদার ইমেল লেখার ঝামেলা অনেকটাই কমে যাবে বলে মনে করছে প্রযুক্তি মহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
ইনবক্সে আসা মেলগুলির রিপ্লাই দেওয়ার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনছে গুগ্ল। দীর্ঘ ইমেল পড়ে উত্তর লেখার বদলে, জেমিনাই নিজেই প্রসঙ্গ বুঝে রিপ্লাই সাজেস্ট করবে। ব্যবহারকারী চাইলে সেই উত্তর সরাসরি পাঠাতে পারবেন বা নিজের মতো করে সামান্য পরিবর্তন করে নিতে পারবেন। পাশাপাশি, বড় ও জটিল ইমেলের সারসংক্ষেপও মুহূর্তের মধ্যে দেখিয়ে দেবে এই এআই টুল। গুগলের দাবি, এই আপডেটের ফলে একদিকে যেমন ব্যবহারকারীদের পরিশ্রম কমবে, তেমনই অন্যদিকে গুরুত্বপূর্ণ সময়ও বাঁচবে। কার্যত গুগ্ল সার্চে ব্যবহৃত Gemini Overview এবার জিমেলের মধ্যেই যুক্ত হচ্ছে। ওয়েব, অ্যান্ড্রয়েড এবং আইওএস— সব ধরনের প্ল্যাটফর্মেই এই নতুন ফিচার ব্যবহার করা যাবে। ডিজিটাল যোগাযোগকে আরও দ্রুত ও সহজ করতে গুগ্লের এই উদ্যোগ যে বড় ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য।
