Venus Williams : কোর্টে নেমেই ৪৫ বছর বয়সে ভেনাস উইলিয়ামসের বিশ্ব রেকর্ড

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেনের (Australia Ooen) ইতিহাসে এক অনন্য নজির গড়লেন টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামস (Venus Williams)। বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন মার্কিন টেনিস তারকা। ৪৫ বছর বয়সে কোর্টে নেমে তিনি এই প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বয়স্ক নারী খেলোয়াড় হিসেবে ইতিহাস তৈরি করেছেন। তবে এই ঐতিহাসিক রাতটি জয়ে রাঙাতে পারেননি তিনি; সার্বিয়ার ওলগা দানিলোভিচের কাছে এক রোমাঞ্চকর লড়াইয়ের পর হার মানতে হয়েছে তাকে।

আরও পড়ুন:Pakistani Origin Cricketers :আইসিসির হস্তক্ষেপে দ্রুত ভিসা সমস্যা মিটতে চলেছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের

মেলবোর্ন পার্কের জন কেইন এরিনায় যখন ভেনাস উইলিয়ামস প্রবেশ করেন, গ্যালারি ভর্তি দর্শক দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জানান। ৪৫ বছর বয়সে এসেও টেনিসের প্রতি তাঁর একাগ্রতা ও শারীরিক সক্ষমতা সবাইকে মুগ্ধ করেছে। জাপানের কিমিকো দাতের (৪৪ বছর) রেকর্ড ভেঙে তিনি এখন অস্ট্রেলিয়ান ওপেন একক ড্র-তে খেলা সবচেয়ে বয়স্ক নারী।

ম্যাচের শুরু থেকেই ভেনাস তাঁর পুরোনো ফর্মের ঝলক দেখান। ৭-৬ (৭-৫) গেমে টাইব্রেকারে প্রথম সেটটি জিতে নিয়ে ইতিহাস গড়ার পথে এক ধাপ এগিয়ে যান তিনি। ঘুরে দাঁড়ান ২৪ বছর বয়সী ওলগা দানিলোভিক। নিজের চেয়ে ২১ বছরের বড় কিংবদন্তিকে কড়া টক্কর দিয়ে ৬-৩ গেমে সেটটি জিতে ম্যাচ সমতায় ফেরান তিনি। তৃতীয় সেটে এক সময় মনে হচ্ছিল ভেনাসই জিততে চলেছেন। তিনি ৪-০ গেমে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু এরপরই ঘটে নাটকীয় মোড়। দানিলোভিক টানা ৬টি গেম জিতে ৬-৪ ব্যবধানে সেট ও ম্যাচ নিজের করে নেন। ২ ঘণ্টা ১৭ মিনিটের এই লড়াইয়ে শেষ পর্যন্ত অভিজ্ঞতার চেয়ে তারুণ্যের শক্তি জয়ী হয়।

ম্যাচ শেষে ভেনাস বলেন, “দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন আমি পেয়েছি, তা অতুলনীয়। এটিই আমাকে কোর্টে লড়াই করার শক্তি দেয়। ফলাফল যা-ই হোক, এই মুহূর্তটি আমার কাছে বিশেষ হয়ে থাকবে।”সিঙ্গলস থেকে বিদায় নিলেও ভেনাসের অস্ট্রেলিয়ান ওপেন যাত্রা এখনই শেষ হচ্ছে না। তিনি এই টুর্নামেন্টে একাতেরিনা আলেকজান্দ্রোভার সঙ্গে জুটি বেঁধে নারী ডাবলসে অংশ নেবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সাম্প্রতিক বছরগুলোতে ভেনাসকে তেমন একটা নিয়মিত কোর্টে দেখা যায়নি। এমনকি অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক দুটি টুর্নামেন্টেও তিনি প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। পাঁচবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ভেনাস ২০০৩ ও ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। এছাড়া, বোন সেরেনা উইলিয়ামসের (Serena Williams) সঙ্গে জুটি বেঁধে চারবার নারী দ্বৈত বিভাগে শিরোপাও জিতেছেন।