Nandigram cooperative election result:বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে সমবায় নির্বাচনে সবুজ ঝড়, শুভেন্দুর খাস ঘাঁটিতে বিজেপির ভরাডুবি

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। তার আগেই নন্দীগ্রামের (Nandigram cooperative election result) সমবায় নির্বাচনের ফলাফল রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি করল। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সমবায় ভোটে কার্যত সবুজ ঝড় বইল। নন্দীগ্রাম দুই ব্লকের আমদাবাদ সমবায় সমিতির ডিরেক্টর নির্বাচনে ১২টি আসনের সবকটিতেই জয়ী হল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। একটিও আসন জিততে পারেনি বিজেপি কিংবা সিপিআইএম।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/01/18/bmc-election-bjp-record-win-thackeray-shinde-mayor-race/

রবিবার নন্দীগ্রাম (Nandigram cooperative election result) ২ ব্লকের আমদাবাদ ১ গ্রাম পঞ্চায়েত এলাকার আমদাবাদ সমবায় সমিতিতে ভোটগ্রহণ হয়। মোট ভোটার ছিলেন প্রায় ৯০০ জন। তৃণমূল, বিজেপি ও সিপিআইএম—তিনটি দলই ১২টি আসনেই প্রার্থী দেয়। সকাল থেকেই এলাকায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমদাবাদ কলেজে সকাল ১০টা নাগাদ ভোটগ্রহণ শুরু হয়। কড়া নিরাপত্তা ও পুলিশি নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ভোট গণনা শেষে ফল প্রকাশ হতেই চিত্র স্পষ্ট হয়ে যায়। ১২টি আসনের সবকটিতেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিজেপি ও সিপিআইএম—দুটো দলই খাতা খুলতে ব্যর্থ হয়। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। সবুজ আবিরে রঙিন হয়ে ওঠে সমবায় চত্বর। বাজি ফাটিয়ে, স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttps://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে এই সমবায় ভোটের ফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, নন্দীগ্রাম শুধুই একটি বিধানসভা কেন্দ্র নয়, রাজ্য রাজনীতিতে প্রতীকী গুরুত্বও বহন করে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপির জয় এনে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই কেন্দ্রেই এবার ধারাবাহিকভাবে বিজেপির ভোটব্যাঙ্কে ভাঙন ধরছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

নন্দীগ্রাম ২ ব্লকের যুব তৃণমূল সভাপতি রবীন জানা ফল প্রকাশের পর বলেন,“এই জয় সাধারণ মানুষের জয়। ভোটারদের পাশাপাশি দলের প্রতিটি কর্মীকে ধন্যবাদ। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পতন শুরু হয়ে গেছে। মানুষ তাঁকে বর্জন করছে। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া সেবাশ্রয় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছেন। এই ভোট তারই প্রতিফলন। আগামী বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম তৃণমূলের দখলেই থাকবে।”

অন্যদিকে, ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। নন্দীগ্রাম ৫ নম্বর মণ্ডলের সহ-সভাপতি দিলীপ পাল অভিযোগ করেন,“এখানে দীর্ঘদিন ধরেই তৃণমূল ও সিপিআইএম মিলেমিশে সমবায় চালাচ্ছে। এবারও ভোটের আগের রাতে সিপিএম প্রকাশ্যে তৃণমূলে ভোট দেওয়ার কথা বলেছে। এর ফলেই বিজেপি বঞ্চিত হয়েছে।”

ভোটের আগে সিপিআইএমের জেলা কমিটির সদস্য রামহরি পাত্র দাবি করেছিলেন, নন্দীগ্রামের এই অঞ্চলে বামেদের সংগঠন তুলনামূলকভাবে শক্তিশালী এবং সমবায় ভোটে ভালো ফল করবে তারা। তবে ফল প্রকাশের পর এখনও পর্যন্ত সিপিআইএমের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে সমবায় ভোটের এই ফলাফল যে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা মানছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শুভেন্দু অধিকারীর ঘাঁটিতে তৃণমূলের এই নিরঙ্কুশ জয় আগামী দিনে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে রাজ্য রাজনীতি।