Indian Army Jawan Death : ঝাড়গ্রামের সমীরণ সিংয়ের শহিদে স্তব্ধ কুচলাদাঁড়ি, ডোডায় সেনা গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

breakingnews দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কুচলাদাঁড়ি গ্রামের বাসিন্দা সমীরণ সিংয়ের অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা এলাকা (Indian Army Jawan Death)। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) ডোডা জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। দেশের সেবায় নিয়োজিত এক সাহসী জওয়ানকে হারিয়ে স্তব্ধ তার পরিবার, আত্মীয়-পরিজন ও গ্রামবাসীরা (Indian Army Jawan Death)। আনন্দের অপেক্ষা বদলে আজ গ্রামে নেমে এসেছে গভীর বিষাদের ছায়া। পরিবার সূত্রে জানা গিয়েছে, সমীরণ ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। বহু কষ্টে সংসারের হাল ধরেছিলেন তিনি। সম্প্রতি নিজের জমানো টাকায় নতুন বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন। কয়েকদিন আগেই সেই বাড়ির ঢালাইয়ের কাজ শেষ হয়েছিল। বাবা-মায়ের স্বপ্ন ছিল, ছুটি নিয়ে বাড়ি ফিরে নতুন ঘরে পা রাখবেন ছেলে। আগামিকাল শনিবারই তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হল না—বাড়ি ফিরছে কেবল কফিনবন্দি দেহ (Indian Army Jawan Death)।

আরও পড়ুন : AI : এলন মাস্কের সতর্কবার্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে বুদ্ধিমান হতে পারে খুব শিগগিরই

জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রায় ৯০০০ ফুট উচ্চতায় ভদেরওয়াহ–চম্বা রোডে (Bhaderwah–Chamba Road) সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। ঘটনাস্থলেই ১০ জন জওয়ানের মৃত্যু হয়, আহত হন আরও ১১ জন। ওই গাড়িতে মোট ২১ জন সেনা জওয়ান ছিলেন বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেনা ও পুলিশের উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সহযোগিতা করেন। গুরুতর আহত কয়েকজন জওয়ানকে এয়ারলিফট করে উধমপুরের হাসপাতালে (Udhampur Hospital) নিয়ে যাওয়া হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার ও পরিবহণে নানা সমস্যার মুখে পড়তে হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবারই সমীরণের মরদেহ বাড়িতে ফেরানোর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য বিমানে দেহ পাঠানো সম্ভব হয়নি। তাই কিছুটা দেরিতে তার দেহ গ্রামে পৌঁছবে। ছেলের ফেরার আশায় দিন গুনছিলেন বাবা-মা; আজ সেই আশাই তাদের বুকে অসীম বেদনা হয়ে বিঁধছে। দেশরক্ষায় প্রাণ উৎসর্গ করা এই শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত কুচলাদাঁড়ি গ্রাম (Indian Army Jawan Death)।