Murshidabad: সামসেরগঞ্জে হাড়হিম করা হত্যাকাণ্ড! রাতের অন্ধকারে হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুন

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাতের অন্ধকারে গুলি চালিয়ে খুন করা হলো এক হোটেল ব্যবসায়ীকে। মৃত যুবকের নাম রাহুল বিশ্বাস। অভিযোগ, বুধবার গভীর রাতে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই (Murshidabad) গুরুতর জখম হন রাহুল এবং পরে তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামসেরগঞ্জ থানার অন্তর্গত নতুন ডাকবাংলা এলাকায়, জাতীয় সড়কের ধারে। আচমকা এই ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: US: ভারতীয়দের চাকরিতে ‘না’ আমেরিকার এই শহরে! এইচ-১বি ভিসা নিয়ে চরমে পৌঁছাল সংঘাত

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ফরাক্কার এসডিপিও-সহ পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক। পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু হয় এবং ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তদের খোঁজে একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাহুল বিশ্বাসের বাড়ি সামসেরগঞ্জের (Murshidabad) তারবাগান এলাকায়। পেশায় তিনি হোটেল ব্যবসায়ী হলেও আগে পাতার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি জাতীয় সড়কের পাশে তিনি একটি হোটেল খুলেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাতে রাহুল তাঁর হোটেলেই বসে ছিলেন। সেই সময় হঠাৎ করেই অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুষ্কৃতী সেখানে হাজির হয় এবং কোনও কিছু বলার আগেই খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। পরপর গুলিতে তাঁর শরীর ঝাঁঝরা হয়ে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান। তবে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর আতঙ্কে এলাকায় হুড়োহুড়ি শুরু হয়। চিৎকার-চেঁচামেচির মধ্যে দুষ্কৃতীরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুরনো কোনও শত্রুতার জেরেই এই খুন হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে, তবে সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole