নিউজ পোল ব্যুরো: এবার আমেরিকার (US) টেক্সাসে বড়সড় ধাক্কা খেলেন ভারতীয়সহ বিদেশি কর্মীরা। এইচ-১বি (H-1B Visa) ভিসাধারী কোনও বিদেশিকে আর চাকরিতে নিয়োগ করা হবে না এমনই কড়া নির্দেশ জারি করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। মঙ্গলবার তিনি রাজ্যের সমস্ত সরকারি দপ্তর ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে এই নির্দেশ মানার নির্দেশ দেন।
টেক্সাস আমেরিকার (US) অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় কর্মসংস্থানের কেন্দ্র। প্রযুক্তি, গবেষণা এবং শিক্ষা ক্ষেত্রে বিপুল সংখ্যক ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিক কর্মরত রয়েছেন এখানে। ফলে গভর্নরের এই ঘোষণায় বিদেশি কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, এইচ-১বি ভিসার আওতায় চাকরির জন্য নতুন আবেদন গ্রহণ করা হবে না এবং ইতিমধ্যেই জমা পড়া আবেদনগুলিও ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত স্থগিত রাখা হবে। এই সিদ্ধান্তের পেছনে কারণ ব্যাখ্যা করতে গিয়ে গভর্নর অ্যাবট জানিয়েছেন, টেক্সাসে বসবাসকারী মার্কিন নাগরিকদের চাকরি সুরক্ষিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন ইতিমধ্যেই এইচ-১বি ভিসা সংক্রান্ত নিয়ম আরও কঠোর করেছে। সম্প্রতি ভিসার ইন্টারভিউয়ের সময়সীমা পিছিয়ে দেওয়ায় অনেক ভারতীয় কর্মী ছুটিতে দেশে এসে ফের আমেরিকায় ফিরতে পারছেন না। ইন্টারভিউ তারিখ ২০২৭ সালের মাঝামাঝি বা শেষের দিকে সরিয়ে দেওয়ায় চাকরি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন বহু প্রবাসী।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প তাঁর ‘মেক আমেরিকা (US) গ্রেট এগেইন’ নীতির বাস্তবায়নে একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছেন। অবৈধ অভিবাসীদের দেশছাড়া করার পাশাপাশি বৈধ এইচ-১বি ভিসাধারীদের উপরও চাপ বাড়ানো হচ্ছে। একই সঙ্গে বিপুল অর্থের বিনিময়ে আমেরিকায় স্থায়ী বসবাসের সুযোগ দিয়ে ‘গোল্ড ভিসা’ চালু করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে টেক্সাসের নতুন সিদ্ধান্ত বিদেশি কর্মীদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে তুলল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
