নিউজ পোল ব্যুরো: ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কোনও তাড়াহুড়ো করতে রাজি ছিল না নয়াদিল্লি। বরং প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সম্পূর্ণ মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার মনোভাবই জানানো হয়েছিল ওয়াশিংটনকে। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, এই বার্তাই মার্কিন বিদেশমন্ত্রীকে জানিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Amit Doval)। ভারতীয় পণ্যের উপর শুল্ক হ্রাস সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই এই কূটনৈতিক অবস্থানের বিষয়টি সামনে আসে।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেন, ভারতীয় পণ্যের উপর কার্যকর শুল্কহার ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) অনুরোধেই এই সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘোষণা করলেও, চুক্তির নির্দিষ্ট শর্তাবলি এখনও প্রকাশ করেনি আমেরিকা। এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয় এবং বিরোধীরা সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেন, দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখেই সমঝোতায় পৌঁছেছে ভারত। তাঁর দাবি, গরিব, কৃষক, যুবসমাজ ও মহিলাসহ ১৪০ কোটি ভারতবাসীর সামগ্রিক উন্নতির লক্ষ্যেই এই পদক্ষেপ। তিনি আরও জানান, গত বছরের ফেব্রুয়ারি থেকে যে বাণিজ্য চুক্তির খসড়া প্রস্তুত হচ্ছিল, তা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই বিস্তারিত প্রকাশ করা হবে।
এদিকে ট্রাম্প ও তাঁর সহযোগীরা এই চুক্তিকে আমেরিকার বড় কূটনৈতিক জয় হিসেবে তুলে ধরছেন। ঠিক এই সময়েই ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে আসে, নয়াদিল্লি আগেই ওয়াশিংটনকে জানিয়েছিল যে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেও প্রস্তুত ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরের শুরুতে অজিত ডোভাল (Ajit Doval) ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে এক বৈঠকে এই কঠোর অবস্থান স্পষ্ট করা হয়েছিল।
ওই বৈঠকটি হয় ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর। সেখানে ডোভাল (Ajit Doval) জানান, ভারত কোনও চাপের কাছে নতিস্বীকার করবে না এবং অতীতের মতোই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। পাশাপাশি, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখতে আমেরিকার প্রকাশ্য সমালোচনা কমানোর বার্তাও দেওয়া হয়েছিল। যদিও এই বৈঠকটি ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করা হয় এবং বিষয়টি সম্পর্কে নয়াদিল্লি অবগত ছিল বলেই জানা গিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
