India US Trade Deal: আমেরিকার বাজারে সস্তা হচ্ছে ভারতীয় পণ্য! ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ঘোষণার পর ক’দিনের অপেক্ষা। অবশেষে আমেরিকায় ভারতীয় পণ্যের (India US Trade Deal) উপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের নির্দেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের (India US Trade Deal) শুল্কহার নেমে এল ১৮ শতাংশে। একই সঙ্গে ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামোও চূড়ান্ত হল। এই সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

আরও পড়ুন: Election Commission of India: SIR কার্যক্রমে বাধা! কমিশন রাজ্যকে পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার চিঠি পাঠাল তৃতীয়বার

অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো চূড়ান্ত হওয়ার পর এক্স (সাবেক টুইটার)-এ প্রধানমন্ত্রী মোদী লেখেন, “ভারত ও আমেরিকার জন্য এটি অত্যন্ত আনন্দের সংবাদ। দুই মহান দেশ অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামোয় ঐকমত্যে পৌঁছেছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার যে অঙ্গীকার প্রেসিডেন্ট ট্রাম্প দেখিয়েছেন, তার জন্য আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।” প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এই চুক্তির ফলে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ আরও গতি পাবে। তাঁর মতে, এর মাধ্যমে দেশের কৃষক, মৎস্যজীবী, এমএসএমই খাতের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও নতুন সুযোগের দুয়ার খুলে যাবে এবং মহিলা ও যুব সমাজের কর্মসংস্থানের পরিধি আরও বিস্তৃত হবে।

প্রধানমন্ত্রীর সুরেই কথা বলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানান, এই অন্তর্বর্তী বাণিজ্য (India US Trade Deal) কাঠামোর ফলে আমেরিকায় ভারতের রফতানি উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং তার সঙ্গে তৈরি হবে নতুন কর্মসংস্থান। তাঁর কথায়, “৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বিশাল বাজার এখন ভারতের রফতানির জন্য আরও বেশি উন্মুক্ত।” এর সুফল কৃষক, মৎস্যজীবী এবং দেশের এমএসএমই সেক্টর পাবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে লক্ষ লক্ষ যুবক ও মহিলার কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে জানান মন্ত্রী।

এই অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো অনুযায়ী, আগামী পাঁচ বছরে ভারত আমেরিকা থেকে প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করবে। বিশেষজ্ঞ মহলের মতে, এই কাঠামো চূড়ান্ত হওয়ায় ভবিষ্যতে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (BTA) স্বাক্ষরের পথ আরও সুগম হল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole