Ranveer Singh: তারকার নিরাপত্তা না আবাসনের অস্বস্তি? ওরলিতে বিতর্কের কেন্দ্রে রণবীর

পেজ 3

নিউজ পোল ব্যুরো: পরিচালক রোহিত শেট্টীর বাড়িতে সাম্প্রতিক গুলিকাণ্ডের পর থেকেই বাড়ছে সতর্কতা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হুমকিবার্তা পেয়েছেন অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। মুম্বই পুলিশ দ্রুত তদন্তে নেমেছে এবং অভিনেতার নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই অতিরিক্ত নিরাপত্তা ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ওরলির এক অভিজাত আবাসনে স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে থাকেন রণবীর সিংহ (Ranveer Singh)। সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে তাঁর জন্য ছ’জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং একজন উর্দিধারী পুলিশ আধিকারিক মোতায়েন রয়েছেন। প্রত্যেকের কাছেই রয়েছে আগ্নেয়াস্ত্র। আবাসনের সাধারণ করিডর, প্রবেশপথ এবং অন্যান্য কমন এরিয়ায় তাঁদের উপস্থিতি এখন নিয়মিত দৃশ্য। আর এখানেই আপত্তি তুলছেন অন্যান্য আবাসিকেরা।

আরও পড়ুন:Mohun Bagan Practice: গেম টাইম পেতে অনুশীলনে বাড়তি পরিশ্রম দিমির

প্রতিবেশীদের একাংশের দাবি, কোনও তারকার নিরাপত্তা নিশ্চয়ই জরুরি, কিন্তু সেই কারণে অন্য বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়া উচিত নয়। আবাসনের ভিতরে জিম, শিশুদের খেলার জায়গা, প্রবীণদের হাঁটার পথ—সবই রয়েছে। সেখানে আগ্নেয়াস্ত্র হাতে নিরাপত্তারক্ষীদের টহল অনেকের মধ্যেই অস্বস্তি তৈরি করছে। তাঁদের বক্তব্য, নিরাপত্তা জোরদার হোক, কিন্তু তা যেন সবার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাবোধকে প্রভাবিত না করে। এই পরিস্থিতিতে রণবীর সিংহ (Ranveer Singh)-কে ঘিরে আবাসনের অন্দরে একপ্রকার চাপা উত্তেজনা তৈরি হয়েছে।

এই মর্মে আবাসন কর্তৃপক্ষ দাদর থানায় একটি লিখিত চিঠি পাঠিয়েছে। চিঠিতে জানতে চাওয়া হয়েছে, এই নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের তরফে দেওয়া হয়েছে, না কি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নিয়োজিত রক্ষীরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিরাপত্তারক্ষীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সপ্রাপ্ত কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য চাওয়া হয়েছে। আবাসনের এক বাসিন্দার কথায়, “আমরা কারও বিরুদ্ধে নই, কিন্তু আমাদেরও তো পরিবার আছে। শিশুদের নিরাপত্তা নিয়েও ভাবতে হয়।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাসিকদের উদ্বেগ দূর করতে ইতিমধ্যেই এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। তবে হুমকির প্রেক্ষিতে রণবীর সিংহ (Ranveer Singh)-এর নিরাপত্তায় কোনওরকম শৈথিল্য রাখা হবে না, সেটাও স্পষ্ট করেছে প্রশাসন। তারকা-জীবনের সঙ্গে নিরাপত্তা অবিচ্ছেদ্য, কিন্তু সেই নিরাপত্তা যখন জনবসতির পরিসরে নতুন প্রশ্ন তোলে, তখন ভারসাম্য রক্ষা করাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপাতত সেই সূক্ষ্ম সমীকরণ সামলাতেই ব্যস্ত প্রশাসন ও আবাসন কর্তৃপক্ষ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole