Siddharth Sukla: জীবিত থাকলে ৪৪! অন্দরসজ্জা শিল্পী থেকে জনপ্রিয় নায়ক— স্মরণে

পেজ 3

নিউজ পোল ব্যুরো: ছোট পর্দার উজ্জ্বল নক্ষত্র (Siddharth Sukla) আজও তাঁর অনুরাগীদের হৃদয়ে সমান ভাবে বেঁচে আছেন। ২০২১ সালের ২ সেপ্টেম্বর আচমকা হৃদ্‌রোগে তাঁর অকাল প্রয়াণ গোটা শিল্পজগতকে স্তব্ধ করে দিয়েছিল। জীবিত থাকলে আজ, ১২ ডিসেম্বর তাঁর বয়স হত ৪৪। জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর বহুমুখী প্রতিভা, সংগ্রাম আর সাফল্যে ভরা পথচলা, যে পথচলায় বারবার উঠে এসেছে সিদ্ধার্থ-এর অন্য রূপ।

আরও পড়ুন: Without oil cooking: তেল ছাড়া রান্নাও হতে পারে লোভনীয়! শিখে নিন সুস্বাদু ও স্বাস্থ্যকর ‘নো অয়েল’ রেসিপির কৌশল

অভিনয়ে আসার আগে সিদ্ধার্থ পড়াশোনা করেছিলেন অন্দরসজ্জা নিয়ে। মুম্বইয়ে পেশাদার অন্দরসজ্জা শিল্পী হিসেবেও কাজ করেছিলেন তিনি। পরবর্তীতে মডেলিং জগতে পা রাখেন— ইলা অরুণের একটি মিউজ়িক ভিডিও তাঁর জীবনের প্রথম বড় সুযোগ। সুদর্শন চেহারা, আত্মবিশ্বাস আর পরিশ্রম— সব মিলিয়ে বিনোদনজগৎ তাঁকে আপন করে নিতে সময় নেয়নি। মডেলিংয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২০০৫ সালে তুরস্কে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন (Siddharth Sukla) এবং বিজয়ী হন। টেলিভিশনে তাঁর সাফল্যের যাত্রা শুরু ‘বাবুল কা আংগন ছুটে না’ দিয়ে। তবে ‘বালিকা বধূ’-তে শিবরাজ শেখর চরিত্রে অভিনয়ই তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। পরবর্তী সময়ে ‘দিল সে দিল তক’—তেও প্রশংসা কুড়ান। শুধু দেশেই নয়, কাজাখস্তানে নির্মিত ‘বিজ়নেস ইন কাজ়াখস্তান’ সিরিজ়েও কাজ করেছিলেন (Siddharth Sukla)।

অভিনয় ছাড়াও বাস্তব জীবনে সিদ্ধার্থ ছিলেন একজন খেলাপ্রেমী মানুষ। মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স হাইস্কুলের ছাত্র হিসেবে টেনিসে স্কুলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এমনকি ইটালির বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানের বিরুদ্ধেও একটি ম্যাচ খেলেছিলেন— যা তাঁর জীবনের অন্যতম উল্লেখযোগ্য অভিজ্ঞতা। রিয়্যালিটি শো তাঁর ক্যারিয়ারকে আরও উঁচুতে তুলেছিল। ‘খতরোঁ কে খিলাড়ি’ জয় থেকে শুরু করে ‘বিগ বস ১৩’-এর দুর্দান্ত জয়— সবখানেই নজর কেড়েছিলেন (Siddharth Sukla)। শক্তিশালী ব্যক্তিত্ব, অকপট মত প্রকাশ আর আন্তরিকতা তাঁকে অসংখ্য অনুরাগীর প্রিয় মানুষে পরিণত করেছিল। চার বছর পেরিয়ে গেলেও সিদ্ধার্থ এখনও স্মৃতিতে অমলিন। প্রতি জন্মদিনে, প্রতি মৃত্যুদিনে তাঁর ভক্তদের হৃদয়ে জাগে গভীর আবেগ, মনে পড়ে সেই প্রাণোচ্ছল, পরিশ্রমী, সংবেদনশীল মানুষটিকে। তাঁর অসমাপ্ত জীবন যেন মনে করিয়ে দেয়— প্রতিটি মুহূর্তই মূল্যবান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole