নিউজ পোল ব্যুরো: এবার শীত বিদায়ের পথে বলে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। অনুযায়ী আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা অন্তত ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার থেকেই পারদের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে। এরপর ধাপে ধাপে তাপমাত্রা বাড়লেও আগামী এক সপ্তাহে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মত আবহাওয়া বিশেষজ্ঞদের।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী সাত দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—দুই অঞ্চলেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এর ফলে কিছু জায়গায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা যান চলাচলে সামান্য প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অনেকটাই কমে যাওয়ায় উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া বইছে। এর ফলেই রাজ্যের আবহাওয়ায় শুষ্ক ভাব বজায় রয়েছে। আপাতত নতুন কোনও ঝঞ্ঝা বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও নেই বলে জানানো হয়েছে। যদিও ফেব্রুয়ারি মাসেও সকালের ও রাতের দিকে শীতের আমেজ টের পাচ্ছেন মানুষ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বাড়ছে এবং রোদের তেজও ক্রমশ বাড়তে শুরু করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রার পরিবর্তন আরও স্পষ্টভাবে অনুভূত হতে পারে। ওই সময় থেকে তুলনামূলকভাবে বেশি গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় মঙ্গলবার ও বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে এরপর ধীরে ধীরে পারদ বাড়বে। পূর্বাভাস অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি কলকাতার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। সব মিলিয়ে বলা যায়, রাজ্যে শীতের দাপট কমে বসন্ত ও গরমের আবহ তৈরি হতে চলেছে। আগামী কয়েকদিনে আবহাওয়ার এই পরিবর্তন আরও স্পষ্ট হবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
