নিউজ পোল ব্যুরো:দায়িত্ববৃদ্ধির মাধ্যমে শাসকদল নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিল। রেশন কাণ্ডে নাম জড়িয়ে দীর্ঘ কারাবাস কাটানো হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক-কে (Jyotipriya Malik) বারাসত সাংগঠনিক জেলায় নির্বাচনী কোর কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এই পদোন্নতি পুরনো বিশ্বস্ততার পুনরুচ্চারণ হিসেবে দেখা হচ্ছে, যা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর আস্থা পুনর্বহালেরই প্রতিফলন।
শুক্রবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজ্যের তিনটি সাংগঠনিক জেলা—জঙ্গিপুর, বহরমপুর এবং বারাসত—এর জন্য পৃথক নির্বাচনী কোর কমিটি ঘোষণা করেছে। বারাসতের ১৬ সদস্যের কোর কমিটিতে আহ্বায়ক হয়েছেন রথীন ঘোষ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Malik) । সদস্যদের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও সুজিত বসু। উল্লেখযোগ্যভাবে, রেশন দুর্নীতির অভিযোগে নাম জড়ানো আনিসুর রহমানও এই কমিটির অন্তর্ভুক্ত।
কারাবাসের সময়ও সংগঠনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন জ্যোতিপ্রিয়। জামিনে মুক্তির পর তিনি জেলা জুড়ে সক্রিয় প্রচারে নেমে পড়েন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে বারাসতের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলায় তাঁকে দায়িত্ব দেওয়া নিছক আনুষ্ঠানিক পদক্ষেপ নয়; বরং এটি সংগঠনের ভেতরে তাঁর প্রভাব ও নেতৃত্বের পুনর্বহাল হিসেবেই দেখা হচ্ছে।
শুধু বারাসতই নয়, মুর্শিদাবাদ-সংলগ্ন জঙ্গিপুর এবং বহরমপুর সাংগঠনিক জেলাতেও কোর কমিটি গঠন করে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে শাসকদল। জঙ্গিপুরের ১০ সদস্যের কোর কমিটিতে স্থান পেয়েছেন ফরাক্কার বিধায়ক আমিরুল ইসলাম, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবং সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। বহরমপুরের ১৬ সদস্যের কোর কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন আবু তাহের খান, রবিউল আলম চৌধুরী এবং গোলাম মুর্শেদ-সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রক্রিয়াকে নির্বাচনী সমীকরণ মজবুত করার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। বিতর্ক ও পুনর্বাসনের আবহে জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ববৃদ্ধি তাই কেবল ব্যক্তিগত পুনরুত্থান নয়, বরং নির্বাচনের আগে সংগঠনের অভ্যন্তরীণ বার্তা—বিশ্বস্তদের প্রতি আস্থা
অটুট।
