Darjeeling Travel : ভিড় এড়িয়ে দার্জিলিং! শান্ত পাহাড়ি ছুটির জন্য শহরের কাছেই তিন নির্জন ঠিকানা

অফবিট ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: দিন দু’য়েকের ছুটি মানেই অনেকের গন্তব্য দার্জিলিং (Darjeeling travel)। তবে শৈলশহরের চেনা রূপ অনেকটাই বদলে গিয়েছে। ম্যাল রোডে উপচে পড়া ভিড়, সারি সারি হোটেল আর নতুন শপিং কমপ্লেক্সে কোথাও যেন হারিয়ে যাচ্ছে আগের সেই নির্জন পাহাড়ি আবহ। তাই অনেকেই এখন দার্জিলিংয়ের কাছেই একটু শান্ত, সবুজ আর নিরিবিলি ঠিকানার খোঁজ করছেন (offbeat destination)।

আরও পড়ুন : Mani Shankar Mukherjee : সাহিত্য জগতে শোকের ছায়া, প্রয়াত শংকর, থেমে গেল ‘চৌরঙ্গী’র স্রষ্টার কলম

দার্জিলিং শহর থেকে মাত্র ছয়-সাত কিলোমিটার দূরে লেবং যেন এক টুকরো স্বস্তি (Darjeeling travel)। পাহাড় ঘেরা উপত্যকা, মেঘ-কুয়াশার লুকোচুরি আর বিস্তীর্ণ সবুজ চা-বাগান—সব মিলিয়ে লেবং এক শান্ত আশ্রয়। এখানে এখনও বড় বড় বহুতল হোটেলের ভিড় তেমন নেই; বরং গড়ে উঠেছে বেশ কিছু সুন্দর ও আরামদায়ক হোমস্টে। সকালে জানলা খুললেই দূরে পাহাড়ের সারি আর ভেসে আসা পাখির ডাক মন ভালো করে দেয়। লেবংয়ে থাকলে খুব সহজেই ঘুরে নেওয়া যায় বাতাসিয়া লুপ, ঘুম মঠ কিংবা হ্যাপি ভ্যালি চা-বাগান। দিনভর শহর ঘুরে বিকেলে আবার ফিরে আসা যায় শান্ত লেবংয়ে। আরও একটু দূরে, প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছনো যায় তাবাকোশি। মিরিকের কাছে গোপালধারা চা-বাগানের অদূরে অবস্থিত এই ছোট্ট গ্রাম যেন সবুজের চাদরে মোড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৮০০ ফুট উচ্চতায় হওয়ায় বসন্ত কিংবা গরমকালেও এখানে আবহাওয়া থাকে আরামদায়ক। সামনে দিয়ে বয়ে চলেছে রংভাং নদী, চারপাশে পাইন আর বার্চ গাছের সারি। নির্জনতা ও প্রকৃতির সান্নিধ্য যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য তাবাকোশি আদর্শ। এখান থেকে জোড়পোখরি, লেপচাজগৎ বা পশুপতি মার্কেটও ঘুরে নেওয়া যায় সহজেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দার্জিলিং শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরের ঋষিহাটও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে (Darjeeling travel)। ছোট্ট গ্রাম, হাতে গোনা কয়েকটি হোমস্টে আর চারদিকে চা-বাগানের শ্যামলিমা—সব মিলিয়ে এখানে সময় কাটে ধীর ছন্দে। কাঠের ছোট ঘরবাড়ি আর দূরে ধরা দেওয়া হিমালয়ের শিখর মনকে আলাদা শান্তি দেয়। চাইলে এখান থেকেও দিনের সফরে ঘুরে আসা যায় দার্জিলিং শহর (Darjeeling travel)। ভিড় এড়িয়ে দার্জিলিং উপভোগ করতে চাইলে এই তিন ঠিকানাই হতে পারে আপনার পরের পাহাড় সফরের সেরা পছন্দ।