নিউজপোল ব্যুরো: ভ্যালেন্টাইন ডে-তে বিয়ে সারলেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) এবং শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly। দুই পরিবারের গায়ে হলুদ থেকে বিয়ে একসঙ্গেই হয়েছে, একেবারে সিরিয়াল স্টাইলে। কিন্তু এরপর ঘরোয়া প্রথায় হয়েছে বউভাত। বিবাহ পর্ব মিটতেই ফের কাজে যোগ দিলেন শ্যামৌপ্তি মুদলি। কোন কাজ দিয়ে ফিরলেন অভিনেত্রী?
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘উইন্ডোজ প্রোডাকশান’-এর ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর শুটিং শেষ হয়েছে সদ্য। আপাতত চলছে ডাবিং। বিয়ের কয়েকদিন আগেই ডাবিংয়ের কাজ করেছেন অভিনেত্রী। এবার বাকিটা করতেই বৃহস্পতিবার শ্যামৌপ্তি পৌঁছে যান উইন্ডোজ প্রযোজনা সংস্থার অফিসে।

বিয়ের পর আবার কাজে ফিরে কেমন লাগছে নববধূ শ্যামৌপ্তির? অভিনেত্রীর কথায়, “বিয়ের পর ভীষণ স্পেশাল একটা কাজ নিয়ে ফিরলাম। আমার জীবনের প্রথম ছবি এটি উইন্ডোজের সঙ্গে। ফুল পিসি ও এডওয়ার্ড-ছবিতে দারুণ একটা চরিত্র করছি। প্রথম যে কোনও কিছুই খুব স্পেশাল হয়। ডাবিংটা শেষ করি। রিলিজের জন্য অপেক্ষা করছি। সবার ফিডব্যাকের জন্য অপেক্ষা করছি।”
শুধু ব্যক্তিগত জীবনে নয়, এই সময়টা শ্যামৌপ্তির কাছে যেন পেশাগত জীবনেও এক নতুন অধ্যায়ের সূচনা। ২০২৫ সালের শেষ দিকে উইন্ডোজের রজতজয়ন্তী উপলক্ষে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় তাঁদের নতুন ছবির ঘোষণা করেছিলেন, যার মধ্যে অন্যতম ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ (Phoolpici Edward)।

শ্যামৌপ্তি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়কে।
ছবিতে শ্যামৌপ্তির লুক প্রকাশ করে শিবপ্রসাদ সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “ফুল পিসি ও এডওয়ার্ড সিনেমায় বড় পর্দায় প্রথমবারের জন্য অভিনয় করলেন শ্যামৌপ্তি মুদলি। প্রথম অভিনয়ে শ্যামৌপ্তি সব কলাকুশলীর মন জয় করেছেন। আমার বিশ্বাস তার অভিনয় আপনাদের কাছেও সমাদৃত হবে।”
এতদিন ধারাবাহিকেই জনপ্রিয় ছিলেন শ্যামৌপ্তি। জীবনে এবার তাঁর দুদিকে নতুন ইনিংস শুরু। বিয়ের পর শুরু সংসার আর সুখী দাম্পত্য। অন্যদিকে বড় পর্দাতেও আত্মপ্রকাশ করবেন অভিনেত্রী।
